ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএসে 'বঞ্চিত' প্রার্থীদের বিষয়টি আইনের পাশাপাশি মানবিক ও নৈতিক দিক বিবেচনা করে তাদের জন্য চাকরির সুপারিশ করতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অনুরোধ করবে এ সংক্রান্ত সংসদীয় উপ-কমিটি।
রোববার সংসদে কমিটির এক সভা থেকে এ অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বাস্তবতার নিরিখে এ বিষয়ে একটি 'যৌক্তিক' সমাধানের লক্ষ্যে আইনগত দিক পর্যালোচনার পাশাপাশি মানবিক ও নৈতিক দিক বিবেচনায় এনে দ্বিতীয় পর্যায়ে বাদ পড়া প্রার্থীদের চাকরির সুপারিশ করতে পিএসসিকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়েছে সভায় ।
গত ২৬ এপ্রিল ২৭তম বিসিএসে প্রথমবারে উত্তীর্ণ কিন্তু দ্বিতীয়বার বাদপড়া প্রার্থীদের নিয়োগের উপায় খতিয়ে দেখতে সাংসদ এবিএম গোলাম মোস্তফার নেতৃত্বে সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ উপকমিটি গঠন করে।
এর আগে গত ৫মে এ জটিলতা নিরসনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সরকারী কর্মকমিশনকে নির্দেশনা দেন।
উপ-কমিটির আহ্বায়ক এবিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে রোববারের সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সাংসদ এইচ এন আশিকুর রহমান, শিরীন শারমিন চৌধুরী, বরকত উল্লাহ বুলু। সংস্থাপন সচিব ইকবাল মাহমুদও সভায় যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১২৭ঘ.
bdnews24