ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক যুগোপযোগী ও বাস্তবমুখী করে তোলার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
২০১১ সালে এই স্তরের শিক্ষার্থীদের যে বই দেওয়া হবে তাতে বিশেষ গুরুত্ব পাবে দেশপ্রেম, জাতীয়তাবোধ, বিজ্ঞানমনস্কতার মতো বিষয়গুলো।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ একথা জানান।
তিনি বলেন "পাকিস্তানের ভূত এখনো আমাদের ঘাড়ে চেপে আছে। এজন্য পাঠ্যপুস্তকেও নানা সমস্যা রয়ে গেছে।"
আগামী ২০১১ সালে এসব সংশোধন করেই বই ছাপা হবে বলে জানান নূরুল ইসলাম।
শিক্ষামন্ত্রী বলেন, "অচিরেই পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনে পাঠ্যপুস্তক যুগোপযোগী ও বাস্তবমুখী করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।"
'পাঠ্যপুস্তকে মানবাধিকার: শিশুরা কি শিখছে' শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন।
সংস্থাটির নির্বাহী পরিচালক শাহীন আনামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংসদের হুইপ সাগুপ্তা ইয়াসমিন এমিলি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ, অধ্যাপক জিয়াউল হাসান প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৌমিত্র শেখর সভায় মূল প্রবন্ধ পাঠ করেন।
এতে পাঠ্যপুস্তকে মানবাধিকারের পাশাপাশি জাতিভেদ, লিঙ্গবৈষম্য, শ্রেণী বৈষম্য, ধর্মবৈষম্য, পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, গ্রাম অবজ্ঞাসহ নানা ত্র"টি তুলে ধরা হয়। পাশাপাশি এসব বিষয়ে ভবিষ্যতে যথাযথ নজর দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/টিআর/২২৫০ ঘ.
bdnews24