ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫টি পদে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তৃতীয় ও শেষ দফা ভোটগ্রহণ চলছে।
রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ও শারীরিক শিক্ষা কেন্দ্রে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সোমবার এ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষিত হওয়ার কথা।
দু'টি প্যানেলে রেজিস্টার্ড গ্রাজুয়েটরা এ নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে প্রথম দফায় গত ২৩ মে ঢাকার বাইরের ২৬টি কেন্দ্রে ও দ্বিতীয় দফায় ৩১ মে ১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
নির্বাচন কমিশনার অধ্যাপক মীজানুর রহমান সকাল সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।"
তিনি জানান, যেসব ভোটার আইডি কার্ড পাননি তারা প্রশাসনিক ভবন থেকে আইডি কার্ড সংগ্রহ করে ভোট দিতে পারবেন।
সোমবার এ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ-১৯৭৩ এর (১)-(ক) আর্টিকেলে প্রতি তিন বছর অন্তর সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচিত হয়ে আসার বিধান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এজে/এমআই/১২৩৯ ঘ.
bdnews24