মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা,জুন ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মাধ্যমিক স্তরে সৃজনশীল প্রশ্নপদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে সরকার আসন্ন প্রাক- নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা সারা দেশে একই দিনে, একই সময়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারী ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি হয়েছে।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শামসুল হক বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," সরকার ভাল-মন্দ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। এটা অবশ্যই একটি ভাল সিদ্ধান্ত।"
পরীক্ষার তারিখ পরে ঠিক করা হবে বলে একজন কর্মকর্তা জানান।
এদিকে ২০১০ সালের এসএসসিতে বাংলা প্রথমপত্র ও ধর্ম বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০১০ সালের এসএসসিতে দুই বিষয়ে এবং তারপর পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালুর সুপারিশ করার দু'দিনের মাথায় শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করলো।
পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের (বিইডিইউ) সহায়তায় প্রণীত হবে।
আদেশে বাংলা প্রথম পত্র ও ধর্ম বিষয়ক শিক্ষক ও প্রশ্নপ্রণেতাদের পূর্ণাঙ্গ প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে।
সৃজনশীল পরীক্ষা গ্রহণের কারণে পরীক্ষার ফিস বাড়ানো যাবে না বলেও আদেশে বলা হয়েছে।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত বছরের এপ্রিলে শিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা 'সৃজনশীল' প্রশ্ন পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে পরের বছর অর্থাৎ ২০১১ সাল থেকে সব বিষয়েই সৃজনশীল প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২৩৪৫ঘ.
bdnews24