২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম রোধে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে জরিপ চালাবে ইউজিসি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম রোধে শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জরিপ ও গবেষণা চালাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। গবেষণার আলোকে বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম রোধে শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে জরিপ ও গবেষণা চালাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। গবেষণার আলোকে বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, "বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হরদম নিয়মভঙ্গের ঘটনা ঘটছে। কারা বারবার নিয়ম ভঙ্গ করছে এবং কী ধরণের নিয়মভঙ্গের ঘটনা ঘটছে তা দেখতে আমরা প্রথমে একটি জরিপ চালাবো। এরপর আরেকটি গবেষণা করে দেখব কেন নিয়ম মানা হচ্ছে না এবং কি কি করা যায়। " তিনি বলেন, "এই জরিপ ও গবেষণার আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" দেশে বর্তমানে ৫১টি বেসরকারি বিশ^বিদ্যালয় রয়েছে। এদের মধ্যে হাতেগোনা কয়েকটি বাদে বেশিরভাগের বিরুদ্ধে শিক্ষার নিম্নমানের পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। প্রায় কোনো বিশ্ববিদ্যালয়েরই নিজস্ব ক্যাম্পাস নেই। ২০০৫ সালে একটি তদন্ত কমিটি নিম্নমানের শিক্ষাদানের দায়ে আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ করে। এরপর বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে পাঁচটি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। তখন থেকেই প্রচলিত আইন বাদ দিয়ে নতুন কঠোর আইন প্রণয়নের দাবি ওঠে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও তখন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন আইন প্রণয়নের লক্ষ্যে চেষ্টা চালায়। কিন্তু অভিযোগ রয়েছে মূলতঃ বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাবশালী মালিকদের জোরদার তৎপরতার কারণে আইনটি এতদিন হয়ে ওঠেনি। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অধ্যাদেশ জারি করা হয়। কিন্তু বর্তমান সরকার সেই অধ্যাদেশ পাস না করে নতুন করে আইন প্রণয়নের উদ্যোগ নেয়। এ বিষয়ে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন," আইনের খসড়া এখন চূড়ান্ত পর্যায়ে। আমরা আগামী সপ্তাহে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেব। আশা করছি আগামী সংসদ অধিবেশনেই সেটি পাস হবে।" প্রস্তাবিত আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ক্ষমতাবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "আইনটি হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম কমবে বলে আমরা আশা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২১২২ঘ.