২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি খুলছে সোমবার, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার ৮২ দিন পর ১ জুন সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। তার আগে শনিবার শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে। শুক্রবার সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান এ তথ্য জানান। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 07:01 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার ৮২ দিন পর ১ জুন সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। তার আগে শনিবার শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে। শুক্রবার সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান এ তথ্য জানান। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে সরকারি দল আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ এবং জামায়াতে ইসলামীর সমর্থক ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা শিবির নেতা শরিফুজ্জামান নোমানী নিহত হন। দুপক্ষের পাল্টাপাল্টি মামলাসহ নয়টি মামলা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়সহ রাজশাহীর আটটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশৃঙ্খলাকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান বলেন, দ্রুত ক্যাম্পাস খুলতে এবং শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন, এলাকাবাসী, পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সবাই ক্যাম্পাস খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের জরুরি সভায় শনিবার সকাল ৯টায় সকল আবাসিক হল এবং আগামী ১ জুন ক্যাম্পাস খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়- শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ক্যাম্পাসে রাজনৈতিক মিছিল, সভা-সমাবেশ, মাইকিং, ব্যানার-পোস্টার টানানো, প্রচারপত্র বিলি নিষিদ্ধসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। ছাত্র হলগুলোতে কোন অনাবাসিক ছাত্র অবস্থান করতে পারবে না। তবে অনাবাসিক ছাত্রীরা হল প্রাধ্যক্ষের অনুমতি নিয়ে হলে অবস্থান করতে পারবে। ক্যাম্পাসের নিরাপত্তার ব্যাপারে সহকারী প্রক্টর অধ্যাপক মুস্তাক আহমেদ জানান, বহিরাগতের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয় সকল ফটক, আবাসিক হলের ফটক এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার জন্য সাড়ে চারশ' পুলিশ মোতায়েন ছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে। শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সবাইকে নির্ধারিত পরিচয়পত্র সব সময় সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, "ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব পুলিশের উপর ন্যস্ত করা হয়েছে। অনাকাঙ্খিত কারণে আর যেন ক্যাম্পাস বন্ধ না হয় সে দিক বিবেচনা করে আমরা সম্ভব্য সব পদক্ষেপ নিয়েছি।" সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল্লাহ, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ফায়েকুজ্জামান, অধ্যাপক মলয় কুমার ভৌমিক। ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে ক্যাম্পাসে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সার্বক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে।" রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় দুই দিনের ব্যবধানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিকেল ইনস্টিটিউটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ইতোমধ্যে প্যারামেডিকেল ইনস্টিটিউট ছাড়া বাকি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.