চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কমপক্ষে ২০ শিক্ষার্থীকে দোষী চিহ্নিত করেছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহ্ম্মাদ কামাল হোসাইনকে আহবায়ক করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে এসব শিক্ষার্থীকে দোষী চিহ্নিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিন্ডিকেটের বৈঠকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে কেউ এধরণের ঘটনা না ঘটায় সেজন্য জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হতে পারে।"
সিন্ডিকেট সভা হবে আগামী ৩১ মে।
তদন্ত কমিটির সদস্য শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকসহ চবি'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। ৮১ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নিয়ে প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "কমিটি ২০ থেকে ২১ শিক্ষার্থীকে দোষী চিহ্নিত করেছে। একই সঙ্গে তাদের অপরাধের মাত্রাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।"
গত ১৪ মে রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে ছাত্রলীগ কর্মীরা মসজিদে শিবিরের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ছাত্রলীগের ১৭ এবং শিবিরের ৬ নেতা-কর্মী আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এএনএস/টিআর/২১২২ ঘ.
bdnews24