রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের প্রায় অর্ধশত অবৈধ দোকান মঙ্গলবার উচ্ছেদ করেছে রাবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই এসব দোকান স্থাপন করা হয়েছিল বলে কর্তৃপক্ষ জানায়।
প্রক্টর চৌধুরী মুহাম্মদ জাকারিয়া বলেন, গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে অবস্থানরত সকল অবৈধ দোকান তুলে নেওয়ার জন্য মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। এ ব্যাপারে ক্যাম্পাসে মাইকিং করা হয়। এ সময়ের মধ্যে তারা উঠে না যাওয়ায় দুপুরে অভিযান চালানো হয়।
ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য অনুমতি ছাড়া স্থাপিত এসব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু হলের সামনের চা বিক্রেতা তোফায়েল বলেন, "সোমবার সন্ধ্যায় মাইকিং করে পরদিন দুপুরেই উচ্ছেদ অভিযান চালিয়ে প্রশাসন আমাদের ওপর জুলুম করেছে।"
তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই দোকানদারদের কাছ থেকে বাকি নেয়। ক্যাম্পাস হটাৎ বন্ধ হওয়ায় বাকি দেওয়া টাকা আদায় করা সম্ভব হয়নি। আর হবেও না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৬ ঘ.
bdnews24