ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি কম পড়ার কারণে মাদ্রাসাগুলো ভাল ফল করছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা মাদ্রাসার ভাল ফলের কারণ জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, "মাদ্রাসা ছাত্রদের মাত্র এক শ' নম্বরের ইংরেজি পরীক্ষা দিতে হয়। এসএসসিতে ইংরেজী পরীক্ষা দিতে হয় দুই শ' নম্বরের। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা ভাল করছে।"
এবার মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার ফল সবদিকে দিয়েই ভাল। পাসের হার দশ বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি- ৮৫ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া ২,৩২৭টি মাদ্রাসার সব পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে।
সাধারণ ও মাদ্রাসা শিক্ষায় ইংরেজি পরীক্ষার এই বৈষম্য দূর করা সম্পর্কে নাহিদ বলেন, "আগামী বছর থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরও এক শ' নম্বরের বদলে দু'শ' নম্বরের ইংরেজি পরীক্ষা দিতে হবে। এতে বৈষম্য কমবে।"
গত বছরও মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় উত্তীর্ণের হার ছিল সর্বাধিক, ৮২ দশমিক ০৬ শতাংশ।
বর্তমানে মাদ্রাসায় দাখিল ও আলিম শ্রেণীতে এক শ' নম্বরের বাংলা ও ইংরেজি পরীক্ষা বাধ্যতামূলক। সাধারণ শিক্ষায় পরীক্ষা দিতে হয় দু'শ' নম্বরের। সরকার আগামী বছর থেকে মাদ্রাসা শিক্ষায়ও দু'শ' নম্বরের বাংলা ও ইংরেজি পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/এইচএ/২১০০ ঘ.
bdnews24