চট্টগ্রাম , মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের সাতদিন পর শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে ।
শিবির-ছাত্রলীগ কর্মীদের মধ্যে পুনরায় সংঘর্ষের আশংকায় প্রথম দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা ছিল কম। কিছু কিছু বিভাগে ক্লাস হলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুব নগণ্য ।
গত ১৪ মে মধ্য রাতে আবাসিক হলে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষে উভয় সংগঠনের ২৫ জন কর্মী আহত হয়।
এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সাতদিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ ক্যাম্পাসের বিভিন্ন হল ও কটেজে অভিযান চালিয়ে ১৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে।
সম্ভাব্য সংঘর্ষ এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , "ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীর উপস্থিতিও সন্তোষজনক।"
এছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রক্টরিয়াল বডিকে যথাযথ নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমইউএস/এইচএ/১৪২৪ ঘ.
bdnews24