২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় আরও ৯ জনসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছাত্রলীগের ১৭ জন ও ছাত্রশিবিরের ৬ জন নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 12:36 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় আরও ৯ জনসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছাত্রলীগের ১৭ জন ও ছাত্রশিবিরের ৬ জন নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী রয়েছেন। নিরাপত্তার অভাবে দুপুর থেকে হল ছেড়ে সাধারণ ছাত্ররা চলে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য ড. আবু ইউসুফ সিণ্ডিকেট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করছেন। আহতদের মধ্যে ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছাত্রলীগের জাহিদ, ছাত্রশিবিরের মনসুরুল আলম মজুমদার এবং আব্দুর রব হলের ছাত্রলীগ সভাপতি মারুফের অবস্থা আশংকাজনক। মারুফকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে বলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- জাহিদ, শান্ত, সজীব, বাচ্চু, তারেক, মারুফ, সিহাব, বাবুল, আবীর, সুজন, পিপু, সাইফুল, সাজীব, সাজীদ,দীপন, রাকিব ও ইমতিয়াজুর রহমান। ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- সোহরাওয়ার্দী হল সভাপতি মনসুরুল আলম মজুমদার, মারুফ বিল্লাহ ও আব্দুল আলীম। এছাড়া আহত অন্যরা হলেন শিবিরের আব্দুর রব হল সভাপতি নেসার আহমদ নিয়াজী, মোস্তফা সাকের উল্লাহ ও সাহেদ। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে দৈনিক আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাশেদ খান মেননকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা। ইট দিয়ে তার মাথায় আঘাত করায় মাথা ফেটে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে শহীদ আব্দুর রব হলে ছাত্রলীগ কর্মীরা শিবিরের উস্কানি এবং মসজিদে সাংগঠনিক কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। উপাচার্য ড. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষে আমার এক ব্যক্তিগত সহকারী ছাত্রদের রডের আঘাতে আহত হয়েছে। তারা আমার গাড়ি ও একটি মোটর সাইকেল ভাংচুর করেছে। হলগুলোতেও তারা ব্যাপক ভাঙচুর চালিয়েছে।" তিনি জানান, উভয়পক্ষের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। প্রতিটি হলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছেন। উপাচার্য আরও জানান, যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখা হবে। হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর সামনে ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় ২০০ আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রক্টর জসীম উদ্দিন বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। বৃহস্পতিবার রাত তিনটায় ছয়টি আবাসিক ছাত্র হলে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা তল্লাশি চালিয়েছে। আমরা উভয় পক্ষকেই শান্ত থাকার আহবান জানিয়েছি।" শুক্রবার দুপুরে পুনরায় হলগুলোর ভিতরে রড, পাথর ও লাঠিসোটা নিয়ে ছাত্রশিবির কর্মীরা এবং হলের বাইরে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে ছাত্রলীগ কর্মীরা অবস্থান নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/১৮৩৫ঘ.