ঢাকা,মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পরীক্ষায় গ্রেডিং ও বিভাগ পদ্ধতির সমতা বিধান নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কলেজ) মাইনুদ্দীন খন্দকারকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারী কর্ম কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সদস্য রাখা হয়েছে।
মাইনুদ্দীন খন্দকার কমিটির গঠনের কথা জানিয়ে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," আমরা কোন অংশকে বেদনায় রাখতে চাই না। সবার ভাল দিক বিবেচনা করে আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব। আমরা খুবই ইতিবাচক।"
মাইনুদ্দীন জানান, কমিটির গঠনের পর তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। রোববার কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয় গত মাসের প্রথম দিকে আগের শ্রেণী বা বিভাগ পদ্ধতির সঙ্গে বর্তমানে প্রচলিত গ্রেডিং পদ্ধতির মধ্যে সমতা বিধানের সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল ধারায় আগের প্রথম বিভাগকে বর্তমানে জিপিএ ৪ (প্রাপ্ত নম্বর ৭০-৭৯) থেকে ৫ (৮০-১০০) এর সমমান করা হয়। দ্বিতীয় বিভাগকে করা হয় জিপিএ ৩ (৫০-৫৯) থেকে ৩ দশমিক ৫ (৬০-৬৯) পর্যন্ত এবং তৃতীয় বিভাগকে করা হয় জিপিএ এক (৩৩-৩৯) থেকে দুই (৪০-৪৯) এর সমতুল্য।
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এই সমতা আনা হয়।
সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ২০০১ থেকে ২০০৩ সালে মাধ্যমিক ও ২০০৩ সালের উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।
কম্পিউটার বিষয়ের পাঠক্রম ঠিক করতে কমিটি ঃ
সরকার আগামী বছর থেকে নবম শ্রেণীতে ৫০ নম্বরের কম্পিউটার বিষয় বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য এ বিষয়ের পাঠক্রম ঠিক করতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ( মাধ্যমিক) মোয়েজ্জদ্দীন আহমেদ।
আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৯১৩ঘ.
bdnews24