রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রীষ্মকালীন ছুটি ১৫ দিন কমিয়ে আগামী ১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত মঙ্গলবার সিন্ডিকেটে পাস হয়েছে।
সন্ধ্যায় উপাচার্য ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় গত ২৮ এপ্রিলের একাডেমিক কাউন্সিলের সভার এ সিদ্ধান্ত পাস হয়। সভায় ৯ জন সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলার দিন থেকে ক্যাম্পাসে মিছিল, মিটিং, সমাবেশ, পোস্টার ও লিফলেট বিলিসহ সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সভা শেষে রেজিস্ট্রার ড. এম এ বারী সাংবাদিকদের জানান, ৩০ মে হল এবং ১ জুন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
তিনি জানান, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের দায়িত্ব রাজশাহী মহানগর পুলিশ প্রশাসনের হাতে ন্যস্ত করা হয়েছে।
সভায় গত ১৩ মার্চ সংঘটিত ঘটনায় শিবির নেতা এক ছাত্রের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।
আবাসিক ছাত্র ছাড়া কেউ হলে থাকতে পারবে না। তবে অনাবাসিক ছাত্রীরা সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হলে অবস্থান করতে পারবে। ছাত্র-ছাত্রীদের সার্বক্ষণিক পরিচয়পত্র বহন করতে বলা হয়েছে।
গত ১৩ মার্চ রাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে শিবির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী নিহত এবং পুলিশ-সাংবাদিক-স্থানীয় ব্যবসায়ীসহ শতাধিক আহত হয়। এ ঘটনার জেরে দুই দিনের ব্যবধানে রাবি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজসহ স্থানীয় বেশ কয়েকটি শিক্ষায়তন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
রামেক, রুয়েট, রাজশাহী সিটি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। এসব ক্যাম্পাসেও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24