রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতিদের পর এবার বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরাও (সাদা দল) ১ জুন ক্যাম্পাস খোলার সুপারিশ করেছেন।
সোমবার দুপুরে উপাচর্য লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সঙ্গে বৈঠকে তারা এ সুপারিশ করেন।
এর আগে উপাচার্যের সঙ্গে বৈঠকে বিশ্ববিবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা গ্রীষ্মের ছুটি কমিয়ে আগামী ১ জুন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সুপারিশ করেছিলেন।
গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত হওয়ার জের ধরে রাবিসহ রাজশাহীর আটটি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এর মধ্যে রোববার রুয়েট খুলে দেওয়া হয়েছে। এর আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ খুলে দেওয়া হয়।
এছাড়া মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে। সোমবার সকালে কলেজের ছাত্রাবাস খুলে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ক্যাম্পাসে।
সোমবার দুপুরে রাবি উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকুল ইসলামের নেতৃত্বে বিএনপি-জামায়াতপন্থী ২৫-৩০ জন শিক্ষক যোগ দেন।
বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান সাংবাদিকদের বলেন, "ক্যাম্পাস দ্রুত খোলা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।"
শিক্ষকদের সুপারিশ আগামী একাডেমিক কমিটির সভায় আলোচনা করে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
মঙ্গলবার একাডেমিক কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
শিক্ষকদের বিএনপি-জামায়াতপন্থী অংশ সাদা দলের নেতা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের পঞ্জিকা অনুযায়ী ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি। তারা এ ছুটি কমিয়ে আগামী ১ জুন ক্যাম্পাস খোলার ব্যাপারে সুপারিশ করেছেন।
ক্যাম্পাস খুললে শিক্ষার পরিবেশ বজায় রাখতে তাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান এ দুই শিক্ষক।
বৈঠকে উপস্থিত অপর শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- অধ্যাপক এ কে এম আজাহারুল ইসলাম, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুস সালাম, বেলাল হোসেন, শাসুল আলম সরকার, ড. এনামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৬ ঘ.
bdnews24