রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবির।
রোববার প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রদল, শনিবার রাতে ছাত্রলীগ এবং স্মারকলিপি দিয়ে শিবির নেতারা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান।
তবে শিবির নেতারা ক্যাম্পাস খোলার আগে নোমানীর হত্যাাকারীদের বিচার না করলে নিজেরাই খুনীদের শায়েস্তা করার হুমকি দিয়েছেন।
১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ দফায় দফায় সংঘর্ষে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত হন। এ ঘটনায় মাত্র দু'দিনের ব্যবধানে রাবিসহ রাজশাহীর আটটি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। আলোচনা চলছে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা আরাফাত কবীর সমু, হারুন অর রশিদ মামুন, সালাউদ্দিন রানা প্রক্টরের দপ্তরে সাক্ষাৎ করেন।
শনিবার রাতে ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রক্টরের সঙ্গে দেখা করেন ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন, ছাত্রলীগ নেতা আজিম বিন কামাল উজ্জল, মাসুদ প্রমুখ। তারা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ছাড়াও শিবিরের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।
ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি দেলওয়ার হোসেন সাঈদী, সাধারণ সম্পাদক শামসুল আলম গোলাপ, মহানগর সভাপতি নুর মোহাম্মদসহ ২০/২৫ জন নেতাকর্মী প্রক্টর দপ্তরে গিয়ে তাকে স্মারকলিপি দেন। ক্যাম্পাস খোলার আগে নোমানী হত্যার বিচারসহ শিবির নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
এ সময় শিবির নেতারা নোমানীর হত্যাাকারীদের বিচার না করা হলে সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে নিজেরাই খুনীদের শায়েস্তা করবেন বলে হুমকি দেন।
শিবির সাধারণ সম্পাদক শামসুল আলম গোলাপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোমানীর হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত ক্যাম্পাস খোলার দাবিতে প্রক্টরকে স্মরকলিপি দিয়েছেন তারা।
প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, "দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়া এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই ছাত্রসংগঠনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.
bdnews24