২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ জুন রাবি খুলে দেওয়ার সুপারিশ বিভাগীয় সভাপতিদের

গ্রীষ্মের ছুটি ১৫ দিন কমিয়ে আগামী ১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলে দেওয়ার সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 11:22 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রীষ্মের ছুটি ১৫ দিন কমিয়ে আগামী ১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলে দেওয়ার সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতিরা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি হওয়ার কথা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় বন্ধের শুরুতে ছুটি ১৫ দিন কমাতে। কিন্তু গরম, পানি ও বিদ্যুৎ সমস্যার কারণে বিভিন্ন বিভাগের সভাপতিরা চান বন্ধের শেষদিকে কমানো হোক। শনিবার দুপুরে উপাচর্য লাউঞ্জে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহানের সঙ্গে বৈঠকে তারা এ সুপারিশ করেন। ১৩ মার্চ ছাত্রলীগ-শিবির সংঘর্ষে শিবির নেতা শরিফুজ্জামান নোমানী নিহত এবং পুলিশ-সাংবাদিক-স্থানীয় ব্যবসায়ীসহ শতাধিক আহত হয়। এ ঘটনায় রাবি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী সরকারি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সরকারি সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্যারামেডিকেল ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. চিত্ত রঞ্জন মিশ্র সাংবাদিকদের বলেন, এখন রাজশাহীর আবহাওয়া খুবই রুক্ষ। চলছে পানি ও বিদ্যুতের সমস্যা। তাই আগামী ১ মে থেকে শুরু হওয়া গ্রীষ্মের ছুটি শেষের দিকে ১৫ দিন কমিয়ে ১ জুন ক্যাম্পাস খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। তিনি জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মোজাফ্ফর হোসেন, বাংলার অনীক মাহমুদ, গণ যোগাযোগ ও সাংবাদিকতার খাদেমুল ইসলাম এবং চারুকলা বিভাগের আমীরুল মোমেনিনসহ ৩৫/৪০টি বিভাগের সভাপতিরা সভায় উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান বলেন, বিভাগীয় সভাপতিদের সুপারিশ আগামী একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করা হবে। তিনি বলেন, অতি দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য রাবি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা চান। ইতোমধ্যে রাজশাহী সিটি কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজ খুলে দেওয়া হয়েছে। এছাড়া রোববার খুলছে রুয়েট। শনিবার রুয়েটের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ খোলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৪ ঘ.