২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে সম্মানের ভর্তি কার্যক্রম স্থগিত

ছাত্রলীগ নেতাদের তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি না করায় তাদের বাধায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে সম্মান শেণীতে ভর্তি কার্যক্রম স্থগিত হওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

নড়াইল, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রলীগ নেতাদের তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি না করায় তাদের বাধায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে সম্মান শেণীতে ভর্তি কার্যক্রম স্থগিত হওয়ার অভিযোগ উঠেছে। এর আগে অনার্স ভর্তি পরীক্ষা চলাকালে শিক্ষকদের প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। বুধবার সকালে এ ঘটনা ঘটে। সৃষ্ট উত্তেজনার পরিস্থিতিতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের অনার্স ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক সুবেন্দু মজুমদার জানান, অনার্সের বিভিন্ন বিষয়ে ১৪০ জন অতিরিক্ত ছাত্রছাত্রী ভর্তির অনুমতি পাওয়ায় সেখানে ভর্তি কার্যক্রম শুরু হলে ছাত্রলীগ কলেজ শাখার নেতারা তাদের দলীয় ছাত্র-ছাত্রী ভর্তির দাবি জানায়। কিন্তু কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত শিক্ষকদের কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে কলেজ কর্তৃপক্ষের আহ্বানে পুলিশ এসে শিক্ষকদের কক্ষের দরজা খুলে দেয়। তিনি বলেন, "এ ঘটনায় বর্তমানে ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে।" কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল মজুমদার বলেন, "আগামী ১২ এপ্রিল পুনরায় ভর্তির কার্যক্রম শুরু হবে।" এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি হাফিজ খান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থনীতি বিভাগের শিক্ষক মো. নূর ইসলাম অবৈধভাবে শিবির কর্মীদের ভর্তির চেষ্টা চালালে সাধারণ ছাত্র-ছাত্রীরা তা প্রতিহত করে। কলেজ ছাত্রলীগের কোনো নেতা-কর্মী ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.