দিনাজপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা সোমবার তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।
সকাল ১০টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মকবুল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার নওরোজ হোসেন তালুকদার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনায় বসেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের প্রতি। সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন।
চলতি শিক্ষাবর্ষ থেকে ব্যবসা প্রশাসন (বিবিএ) কোর্সে ভাতাসহ ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা গত বৃহষ্পতিবার থেকে ক্লাশ বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে আসছিল।
রোববার তাদের আন্দোলনের মুখে উপাচার্যসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম মাহমুদ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনা করে প্রক্টর রুহুল আমীনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ
bdnews24