ঢাকা, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুগ্র"পের সংঘর্ষের কারণে বন্ধ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) চলতি সপ্তাহেই খুলে দেওয়া হবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। (আরও তথ্যসহ)
রোববার দুপুুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এর অধ্যক্ষ, হাসপাতালসমূহের পরিচালকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "অতি শিগগিরই ঢাকা মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে।"
এ সপ্তাহেই খুলে দেওয়া হবে কিনা জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন, "আশা করি।"
ছাত্রলীগের দু গ্র"পের সংঘর্ষের জের ধরে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
বৈঠকে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারা দেশে হাসপাতাল সেবা সপ্তাহ পালন করা হবে বলে জানানো হয়। হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান কিভাবে বাড়ানো যায় সে লক্ষ্যে এ সপ্তাহ পালন করা হবে।
তিনি বলেন, "সারাদেশের হাসপাতালগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের (এমপি) সমন্বয়ে তিনটি কমিটি গঠন করা হয়েছে।"
স্বাস্থ্য মন্ত্রণালয় পৃথক তিনটি আদেশের মাধ্যমে (পরিপত্র জারি করে) এ তিনটি কমিটির কথা জানায়।
এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে ঢাকা শহরের মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের জন্য ২১ সদস্যের, জেলা হাসপাতালসমুহের জন্য সংশ্লিষ্ট জেলার জেষ্ঠ্যমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী অথবা সংসদ সদস্যের নেতৃত্বে ১৮ সদস্যের এবং উপজেলা হাসপাতালের জন্য সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের নেতৃত্বে ২১ সদস্যের কমিটি কাজ করবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "চিকিৎসা সেবার মান বৃদ্ধিই হবে এসব কমিটির মূল কাজ।"
তিনি বলেন, "ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান বৃদ্ধির জন্য আমি নিজেই ৭ তারিখ থেকে সেখানে গিয়ে বসব।"
হাসপাতালগুলোতে কোনো অনিয়ম হলে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান।
মন্ত্রী হাসপাতালে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের (মেডিক্যাল রেপ্রেজেন্টেটিভ) যাতায়াত এক বা দু'দিন দু'এক ঘণ্টার মধ্যে সীমিত রাখার ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল পরিচালকদের নির্দেশ দেন।
পাশাপাশি অধ্যাপক, আবাসিক চিকিৎসক, আবাসিক সার্জন, রেজিস্ট্রারদের রোগীর ওয়ার্ড পরিদর্শন করার বিষয়টি নিশ্চিত করার জন্যও নির্দেশ দেন তিনি।
সভায় হাসপাতালগুলোর বিভিন্ন ধরনের ফি বৃদ্ধির বিষয়ে আলাপ করার কথা থাকলেও স্বাস্থ্যমন্ত্রী জানান, বিষয়টি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ তাই আরও আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমডি/এএল/জিএনএ/২১২০ ঘ.
bdnews24