ঢাকা এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডি কেনার সময় দর কষাকষি নিয়ে গোলযোগের সময় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে পুলিশের মৃদু সংঘর্ষ হয়েছে।
বুধবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে মীরপুর রোডে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে ঢাকা কলেজের একছাত্র সিডি কিনতে আসে। দরকষাকষির এক পর্যায়ে তাদের মধ্যে বিতণ্ডা হলে ছাত্রটি ক্যাম্পাস থেকে কয়েক বন্ধুকে ডেকে এনে ওই হকারকে পেটায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছাত্ররা আশেপাশের কয়েকটি দোকানও ভাংচুর করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা দৌড়ে কলেজের ভেতরে ঢুকে পড়ে পুলিশের প্রতি ইটপাটকেল ছুঁড়ে মারে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
ঘটনার পর নিউমার্কেট ও ঢাকা কলেজের সামনে পুলিশ মোতায়েন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৪৫ঘ.
bdnews24