২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী লাঞ্ছিত করার দায়ে ঢাবি ছাত্র সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে লাঞ্ছিত করার দায়ে এক ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে লাঞ্ছিত করার দায়ে এক ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে শহীদুজ্জামান নামের ওই ছাত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক ছাত্রীকে মারধর করলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম খান জানান, প্রক্টরিয়াল নিয়মানুযায়ী ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শহীদুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি আরো জানান, ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য উপাচার্য বরাবর সুপারিশ করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে মারধর এবং বাধাদানকারী দু'জন শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কলাভবনে শিক্ষক লাউঞ্জের সামনে ওই ছাত্রীকে মারধরের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান। ছাত্রীটির চিৎকার শুনে শিক্ষক লাউঞ্জ থেকে অর্থনীতি বিভাগের অধ্যাপক শফিকুজ্জামান বেরিয়ে এসে শহীদুজ্জামানকে বাধা দেন। এ সময় ওই ছাত্র নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে ওই শিক্ষককে এ ব্যাপারে নাক না গলানোর হুমকি দেয়। এব্যাপারে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা বলেন, ওই নামে ছাত্রলীগের কোনো কর্মী নেই। ছাত্রলীগ নেতা বলেন, শহীদুজ্জামান আগে ছাত্রদল করতো। নির্বাচনের পর নিজেকে সে ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দেয়। এ ব্যাপারে ছাত্রলীগ কোনো দায়িত্ব নেবেনা জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯৫১ঘ.