ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের নেতাকর্মীদের সহাবস্থান নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে ছাত্রদল লাগাতার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, গত জানুয়ারি থেকে এই পর্যন্ত তাদের কর্মীরা 'নির্বিচারে মার খেয়েছে'। তাছাড়া তারা হলেও থাকতে পারছে না। এ বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো উদ্যোগ দেখা যায়নি বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৮ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে প্রথম দফায় ২৯ মার্চ ধর্মঘট পালন করবে তারা। এরপরও দাবি পূরণ না হলে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে লাগাতার ধর্মঘট চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ছাত্রদলের দাবিগুলো হচ্ছে: হলে হলে 'ছাত্রলীগের সশস্ত্র তৎপরতা' বন্ধ করতে কার্যকর উদ্যোগ গ্রহণ, হল থেকে বিতাড়িত সাধারণ ছাত্র ও ছাত্রদল নেতাকর্মীদের হলে অবস্থান নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের 'দলীয় আচরণ' বন্ধ করা, শিক্ষার পরিবেশ ও সহাবস্থানের রাজনীতি নিশ্চিত করা, ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের সঙ্গে জড়িত ছাত্রলীগ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত ছাত্রদল নেতাকর্মীদের ক্ষতিপূরণ দান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সিনিয়র সহ-সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১০০ঘ.
bdnews24