২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে চিহ্নিত ছয় 'শিবির কর্মী'র ছাত্রত্ব বাতিলের মিছিল-সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিহ্নিত ছয় শিবির কর্মীর ছাত্রত্ব বাতিলসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার প্রগতিশীল ছাত্রজোট নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিহ্নিত ছয় শিবির কর্মীর ছাত্রত্ব বাতিলসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার প্রগতিশীল ছাত্রজোট নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে। দুপুর সাড়ে ১২টার দিকে জোটের কর্র্মিরা অমর একুশের পাদদেশ থেকে মিছিলটি বের করে। মিছিল শেষে পরিবহন এলাকায় আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সৌমিত্র কুমার দাশ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ইউনিয়নের আহ্বায়ক এস এম শুভ, ছাত্র ফেডারেশন নেতা মোর্শেদ প্রমুখ। সমাবেশে বক্তারা ক্যাম্পাসে ছদ্মবেশে থাকা অন্যান্য শিবিরকর্মীকেও খুঁজে বের করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় শিবির বিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ গঠন করে শিবির কর্মীদের চিহ্নিত করার ব্যবস্থা নেয়া হবে বলে তারা হুঁশিয়ার করে দেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো ঘটনা তদন্তে কোনো তদন্ত কমিটি গঠন না করায় সমাবেশে তারা ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি স্পর্শকাতর। তাই আমাদের বুঝেশুনে এগুতে হচ্ছে। সার্বিক বিষয় পর্যালোচনার জন্য প্রশাসন কিছুটা সময় নিচ্ছে। তবে এখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।" উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ইসলামী ছাত্র শিবিরের কর্মিরা বৃহস্পতিবার রাতে মওলানা ভাসানী হলের প্রথম বর্ষের দুই ছাত্রকে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য চাপ দেয়। একথা জানাজানি হওয়ার পর হলের ছাত্রলীগ নেতাকর্মি ও সাধারণ ছাত্ররা ছয় শিবির কর্মিকে পিটুনি দেয়। ১৯৮৯ সালে ছাত্রশিবির নেতাকর্মির হাতে ছাত্রদলের এক নেতা নিহত হওয়ার পর ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৮৪০ ঘ.