২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছয় শিবির কর্মীকে পিটুনি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলে বৃহস্পতিবার গভীর রাতে জামায়াতে ইসলামী সমর্থক ছাত্র শিবিরের ছয় কর্মীকে পিটিয়েছে সাধারণ ছাত্র ও ছাত্রলীগের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলে বৃহস্পতিবার গভীর রাতে জামায়াতে ইসলামী সমর্থক ছাত্র শিবিরের ছয় কর্মীকে পিটিয়েছে সাধারণ ছাত্র ও ছাত্রলীগের কর্মীরা। এরা হলেন- ভাসানী হলের ছাত্র তানিম (৩৪তম ব্যাচ), আল মামুন পলক (৩৫তম ব্যাচ), মতিয়ার ও আশিক (৩৩তম ব্যাচ), শাহেদ ও মাহিন। এদের মধ্যে তানিম ও মতিয়ারকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা বর্তমানে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে উপাচার্য তার বাসভবনে প্রক্টরিয়াল বডি ও হল কর্তৃপক্ষকে নিয়ে সভা ডাকেন। সভায় ঘটনা তদন্তের জন্য তথ্যপ্রমাণ সংগ্রহের ব্যাপারে আলোচনা হয়েছে। তদন্তের পরে অভিযুক্তদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।" শিবির কর্মীদের পেটানোর কথা স্বীকার করে ছাত্রলীগের জাবি শাখার বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মওলানা ভাসানী হলের ছাত্র মো. সাগর বলেন, "তারা সবাই শিবির করে এতে কোনো সন্দেহ নেই। জিজ্ঞাসাবাদের সময় তারা অকপটে সবার সামনে শিবিরের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।" শিবিরের রাজনীতির করে এমন তথ্য সংবলিত একটি ডায়েরিও তাদের একজনের কাছে পাওয়া গেছে বলে তিনি জানান। এ ঘটনার আগে প্রথম বর্ষের দুই ছাত্র ভাসানী হলের ইমরান ও মেহেদী হাসানকে মারধর করা হয়। তারা বিষয়টি প্রক্টর অধ্যাপক আরজু মিয়াকে লিখিতভাবে জানিয়েছেন। তারা দাবি করেন, গত কয়েক মাস ধরে শিবির করার জন্য তামিন তাদের চাপ দিচ্ছিল। এ দুজনকে মারধরের পর ভাসানী হলের তানিম, আল-মামুন পলক, মতিয়ার ও আশিককে আলাদভাবে জিজ্ঞাসাবাদ করে ছাত্রলীগ কর্মী ও সাধারণ ছাত্ররা। পরে আল-বেরুনী (বর্ধিতাংশ) হলের ছাত্র শাহেদ ও কামালউদ্দিন হলের ছাত্র মাহিনকে ধরে আনা হয়। ১৯৮৯ সালে ছাত্রশিবির নেতাকর্মীদের হাতে ছাত্রদলের এক নেতা নিহত হওয়ার পর থেকে ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৭৪৮ ঘ.