রাজশাহী, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার জামায়াত-বিএনপিপন্থী হিসেবে পরিচিত ৪৩ জন শিক্ষক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সমর্থক কয়েকজন কর্মচারী শিক্ষক সমিতির নোটিশ বোর্ড ভাঙচুর এবং সমিতির সভাপতি অধ্যাপক নিজামুদ্দৌলাকে লাঞ্ছিত করে বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনার প্রতিবাদে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বলে জানান।
তারা জানান, বর্তমান শিক্ষক সমিতি শিক্ষকদের মত না নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে বলে আওয়ামীপন্থী শিক্ষকদের অভিযোগ। এ নিয়ে শিক্ষক সমিতির দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার জের ধরে কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছে।
অধ্যাপক নিজামুদ্দৌলাকে কর্মচারীরা শারীরিকভাবে লাঞ্ছিত করে হত্যার হুমকি দিয়েছে দাবি করে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত সব কাজে নিজেদের বিরত রাখবেন- এ কথা জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন তারা।
উপাচার্য অধ্যাপক ফজলুল বারী স্মারকলিপি পাওয়ার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, "বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।"
অধ্যাপক নিজামুদ্দৌলা জানান, শিক্ষক সমিতির নির্বাচনের জন্য তিনিসহ সমিতির তিন সদস্য গত ১৩ ফেব্র"য়ারি নির্বাচন কমিশন গঠন করেন। শিক্ষকদের একটি গ্র"প এ কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে সমিতিকে জানায়। কিন্তু সমিতির সংবিধান অনুযায়ি তারা নতুন কমিশন গঠন করতে পারেন না। এজন্য তারা ২২ মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ শুরু করেন।
আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত সিরাজুল করিম চৌধুরী জানান, রুয়েটের ৬৫ শিক্ষক গঠিত কমিশনকে অবৈধ দাবি করে সব শিক্ষকের সম্মতি নিয়ে নতুন করে কমিশন গঠনের জন্য মঙ্গলবার উপাচার্যকে স্মারকলিপি দেন। এর পরেও বর্তমান শিক্ষক সমিতির সভাপতি নতুন কমিশন গঠনে রাজি না হলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বলেন, সবার মত নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন না হলে তারা প্রহসনমূলক নির্বাচনে অংশ নেবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24