ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় শুক্রবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লেও উভয় সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সহাবস্থানের ঘোষণা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দুই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তাদের প্রতিশ্র"তি আদায় করে। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ করা হয়। এ ব্যাপারে মাইকিংও করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন জানান, ক্যাম্পাসের যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর জন্য ইবি প্রশাসন ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাদের নিয়ে রাত ৯টার দিকে এক জরুরি বৈঠকে বসে।
বৈঠকে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে উভয় সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সহাবস্থানের ঘোষণা দেন বলে তিনি জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আহসান উল্লাহ, প্রক্টরিয়াল বডির সদস্য ও বিভিন্ন হলের আবাসিক শিক্ষক এবং ছাত্রলীগ সভাপতি শেখ শাহানুর আলম কেরামত, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, শিবির সভাপতি আসাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও উভয় সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন হলে গিয়ে ছাত্রদের শান্ত থাকতে বলেন। এছাড়া সকল শিক্ষার্থীকে সঙ্গে পরিচয়পত্র রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০০৩২ ঘ.
bdnews24