চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ইসলামী ছাত্র শিবিরের এক নেতা নিহত হওয়ার পর অপ্রীতিকার পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিছিল সমাবেশ এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস, রেল স্টেশন চত্বর, ক্যাম্পাসের দুটি সংযোগ সড়ক এলাকায় যে কোন ধরনের মিছিল, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করে আদেশ জারি করেন।
চবি প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপাচার্যের এ আদেশটি সব ছাত্র সংগঠনকে জানিয়ে দেওয়া হয়েছে। ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চালু রাখতে কর্তৃপক্ষ সবাইকে সহযোগিতার করার জন্য আহবান জানানো হয়েছে।"
তিনি জানান, যে কোন সমস্যা আলোচনার ভিত্তিতে সমাধানের চেষ্টা করার করা হবে বলে আদেশে বলা হয়েছে।
ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাড়ানো হয়েছে বলে প্রক্টর জানান।
চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর পুলিশ ও র্যাবের বিভিন্ন দল নিয়মিত চবি ক্যাম্পাসে টহল দিচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
এদিকে, রাজশাহীতে সংগঠনের এক নেতা নিহত হওয়ার খবর পেয়ে জুম্মার নামাজের পর ছাত্র শিবির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।
অপরদিকে, বিভিন্ন হলে অবস্থান করা ছাত্রলীগের অধিকাংশ নেতা কর্মী রাজশাহীর ঘটনার পর হল ত্যাগ করে শহরে চলে যাচ্ছেন কিংবা ক্যাম্পাস সংলগ্ন কটেজে অবস্থান নিয়েছেন।
চবির ছয়টি হলের সবগুলিতেই দীর্ঘদিন ধরে শিবিরের আধিপত্যে রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি হলে ছাত্রলীগের নেতা কর্মীরা উঠতে শুরু করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24