২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে বিলুপ্ত ছাত্রলীগ কমিটির সভাপতি সমর্থকদের হামলায় ১৫ জন আহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতির সমর্থকরা মঙ্গলবার বহিরাগতদের নিয়ে একটি হলের কমপক্ষে ১৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে। এ সময় হলটির ৭/৮টি কক্ষও ভাঙচুর করে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 09:44 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতির সমর্থকরা মঙ্গলবার বহিরাগতদের নিয়ে একটি হলের কমপক্ষে ১৫ জন ছাত্রলীগ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে। এ সময় হলটির ৭/৮টি কক্ষও ভাঙচুর করে তারা। হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্র"য়ারি ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। বহিরাগতদের নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মীর মশাররফ হোসেন হলে অতর্কিত হামলা চালায় সভাপতি সোহেল পারভেজের সমর্থকরা। এতে ওই হলের নেতৃত্বে থাকা পলাশ চন্দ্র সরকার ও আল নূর রিগ্যানসহ পাঁচজন গুরুতর আহত হয়। গুরুতর আহতসহ আহতদের মধ্যে নয়জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৭তম ব্যাচের অর্থনীতি বিভাগের ছাত্র সোহেল পারভেজও মীর মশাররফ হোসেন হলের ছাত্র। পলাশ চন্দ্র সরকার অর্থনীতি বিভাগের ৩৫ ব্যাচের এবং আল নূর রিগান সরকার ও রাজনীতি বিভাগের ৩৫ ব্যাচের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মীর মশাররফ হোসেন হলের সোহেল পারভেজের সমর্থক গণিত বিভাগের ৩৩ ব্যাচের প্রিতম ও সাব্বির এবং একই বিভাগের ৩৫ ব্যাচের ইলিয়াস ও অর্থনীতি বিভাগের ৩৫ ব্যাচের সোহেলের নেতৃত্বে রড, লাঠি ও হকিস্টিক নিয়ে এ হামলা চালানো হয়। এ সময় তাদের সঙ্গে ১০/১৫ জন বহিরাগত ছিল। হামলার পর পলাশ ও রিগ্যানের সহপাঠীরা তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পলাশ ও রিগ্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, মারপিটের সময় তাদেরসহ অনেকের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, "মারপিটে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।" এ বিষয়ে সোহেল পারভেজের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার টেলিফোন বন্ধ পাওয়া যায়। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাহামুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে আমি কিছু জানি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৫৩৭ ঘ.