২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের মহড়া, জাবির হল নির্মাণে একটি দরপত্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র হল নির্মাণ কাজের ১৩টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে মাত্র একটি। এবার নিয়ে চতুর্থ দফা দরপত্র আহ্বান করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র হল নির্মাণ কাজের ১৩টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে মাত্র একটি। এবার নিয়ে চতুর্থ দফা দরপত্র আহ্বান করা হল। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার স্থানগুলোতে দল বেধে ঘুরে বেড়ায়। কয়েকদিন ধরেই তারা মহড়া দিচ্ছিল। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তিনটি স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সোমবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়, প্রকৌশল কার্যালয় এবং পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ে দরপত্র জমা নেওয়া হয়। এর মধ্যে প্রকৌশল কার্যালয়ে একটি দরপত্র জমা পড়ে। এর আগে তিনবার দরপত্র আহ্বান করা হলেও দু'বার একটি করে দরপত্র জমা পড়ায় তা বাতিল করা হয়। প্রথম দফায় কোন দরপত্র জমা পড়েনি। অন্তত তিনটি দরপত্র জমা না পড়লে তা গ্রহণের নিয়ম নেই। তবে এবার জমা পড়া দরপত্রের বিষয়ে কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে বলে দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের পশ্চিম পাশে ছাত্রদের জন্য ৫১২ আসন বিশিষ্ট চারতলা একটি নতুন হল নির্মাণ করা হবে। হল নির্মাণের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার মোট ১৩টি দরপত্র বিক্রি হয়েছিল। কিন্তু জমা পড়েছে একটি। এখন ওই দরপত্রটি নিয়ে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। দরপত্রটি গ্রহণ বা বাতিল করার ব্যাপারে কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।" আগের দিন তিনি বলেছিলেন, গত বছর তিনবার দরপত্র আহ্বান করা হয়। সে সময় প্রথম দফায় ১০টি দরপত্র বিক্রি হয়। কিন্তু কোন দরপত্র জমা পড়েনি। দ্বিতীয় দফায় একটি দরপত্র বিক্রি হয় এবং সেটি জমা পড়ে। তৃতীয় দফায় তিনটি দরপত্র বিক্রি হয় এবং একটি দরপত্র জমা পড়ে। কিন্তু কমপক্ষে তিনটি দরপত্র জমা না পড়লে গ্রহণের নিয়ম নেই। ওই সময় দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। এ বছরের ৯ ফেব্র"য়ারি দরপত্র আহ্বান করে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী সোমবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষদিন। ঠিকাদারি ঘিরে মহড়া দেওয়ার কথা অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের কোনো নেতাকর্মী মহড়া দেয়নি। সেখানে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর লোকজন ছিল বলে আমার ধারণা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৬ ঘ.