ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) রোববার উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
একই দিন রাজশাহী প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারও নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এম. আলাউদ্দিনকে উপাচার্য, অর্র্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম কামাল উদ্দিনকে উপ-উপাচার্য এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিশ্ববিদ্যালয়-২) মো. রইছ উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন ফ্যাক্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী ও আচার্য শেখ হাসিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১০ ধারা অনুযায়ী উপাচার্য, ১৯৮০ এর ১১ এ(১) ধারা মোতাবেক উপ-উপাচার্য এবং ১৯৮০ এর ১২ (১) ধারা অনুযায়ী কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন।
নতুন উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন ১৯৯৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মরহুম মওলা বক্সের ছেলে তিনি।
তিনি ১০ বছর ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন।
উপাচার্য হিসেবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার পাইকশা গ্রামের মরহুম জইন উদ্দিনের ছেলে। তিনি ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি তিনবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুস সাত্তার যশোরের মনিরামপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. ইব্রাহীম দফাদারের ছেলে।
তিনি এর আগে বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
ইবি প্রেসক্লাব সভাপিতি তোফাজ্জল হোসেন তোতা এবং ইবি ছাত্রলীগ সভাপতি শাহানুর আলম কেরামত নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অভিনন্দন জানিয়েছেন।
সিলেট: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আউয়ালকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য নিয়োগ করা হয়েছে।
রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক উপদেষ্টা ড. আবুল খায়ের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক ফ্যাক্স বার্তায় ড. মো. আব্দুল আউয়ালকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।"
তবে ড. আব্দুল আউয়াল কবে সিকৃবিতে যোগ দেবেন সে ব্যাপারে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি তিনি।
রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মর্ত্তুজা আলীকে একই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ করা হয়েছে।
উপাচার্য ড. মোহাম্মদ ফজলুল বারী রোববার এই নিয়োগ দেন বলে রুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ড. মর্ত্তুজা আলী ১৯৮২ সালে রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি রুয়েটের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, অর্থ ও একাডেমিক কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24