২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে হল নির্মাণ: ঠিকাদারি ঘিরে ছাত্রলীগের মহড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র হল নির্মাণের জন্য দরপত্র সংগ্রহ ও জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীরা কয়েকদিন ধরে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। রোববারও দিনভর তারা ক্যাম্পাস শাখা অগ্রণী ব্যাংকসহ বিভিন্ন স্থানে মহড়া দিয়েছে। জানাচ্ছেন আমিনুর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র হল নির্মাণের জন্য দরপত্র সংগ্রহ ও জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীরা কয়েকদিন ধরে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। রোববারও দিনভর তারা ক্যাম্পাস শাখা অগ্রণী ব্যাংকসহ বিভিন্ন স্থানে মহড়া দিয়েছে। জানাচ্ছেন আমিনুর রহমান রাসেল। নতুন হল নির্মাণে এর আগেও তিনবার দরপত্র ডাকা হয়েছিল। তখন ছাত্রদলের নেতাকর্মীদের হস্তক্ষেপের কারণে দরপত্র গ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। এবার নিয়ে চতুর্থ দফা দরপত্র ডাকা হল। সোমবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময়। বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের পশ্চিম পাশে ছাত্রদের জন্য চারতলা বিশিষ্ট একটি নতুন হল নির্মাণ করা হবে। হল নির্মাণের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। হল নির্মাণে ঠিকাদার নিয়োগের দরপত্র ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের মহড়ার কারণে সোমবার সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্র হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা দলে দলে ক্যাম্পাসের সুপারিতলা, নতুন কলা ভবন, সমাজ বিজ্ঞান ভবনের সামনে ও অগ্রণী ব্যাংকের আশপাশে জড়ো হয়। তারা এ সব স্থানে দুপুর ২টা পর্যন্ত দল বেধে ঘুরে বেড়ায়। অগ্রণী ব্যাংকের জাবি শাখার ব্যবস্থাপক মো. সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরের দিকে কিছু লোক এসে (সম্ভবত তারা ছাত্র) মোট কয়টি দরপত্র বিক্রি হয়েছে তা জানতে চায় এবং দরপত্র জমা নেওয়ার রশিদ বইয়ের পাতা ফটোকপি করে দিতে বলে। কিন্তু আমি তা দেইনি।" নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের আরেকজন কর্মকর্তা জানান, রোববার পর্যন্ত ১২টি দরপত্র বিক্রি হয়েছে। মহড়া দেওয়ার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রলীগ কর্মী বলেন, সোমবার টেন্ডার হবে এজন্য বড় ভাইদের নির্দেশ মত তারা মহড়া দিচ্ছে। তবে দরপত্র নিয়ে মহড়া দেওয়ার কথা অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেন্ডারবাজি বা চাঁদাবাজির রাজনীতিতে ছাত্রলীগ বিশ্বাসী না। ছাত্রলীগের একটি আর্দশ আছে। জননেত্রী শেখ হাসিনার নিদের্শ মত আমরা সুশৃঙ্খলভাবে রাজনীতি করছি। সংগঠনের কোনো নেতাকর্মী নতুন হল নির্মাণের কাজের সঙ্গে সংশ্লিষ্ট নেই।" ছাত্রলীগের দুটি অংশের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ১৭ ফেব্র"য়ারি সংগঠনটির জাবি শাখা বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে জাবি শাখা ছাত্রলীগের কাযক্রম একমাসের জন্য স্থগিত করা হয়। ওই সময় একটি পত্রিকা খবর দিয়েছিল- নতুন হল নির্মাণ নিয়ে সংগঠনটির দুই গ্র"পের মধ্যে এ বিরোধ। এদিকে, বার বার দরপত্র আহ্বান করেও ঠিকাদার নিয়োগ করতে না পারার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার প্রধান ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম নেছারউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শুনেছি প্রভাবশালী একটি ছাত্র সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে ঠিকাদারকে সমঝোতা না হওয়ায় দরপত্র কিনেও অনেকেই জমা দিতে পারেননি।" দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবদুল হাই বলেন, "এবার নিয়ে মোট চারবার দরপত্র আহ্বান করা হয়েছে।" গত বছর তিনবার দরপত্র ডাকা হয়েছিল। প্রথমবার ১৪ ফেব্র"য়ারি, দ্বিতীয়বার ৮ এপ্রিল এবং তৃতীয়বার ১০ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোষাধ্যক্ষ অধ্যাপক হাই জানান, প্রথম দফায় ১০টি দরপত্র বিক্রি হয়। কিন্তু সেবার কোন দরপত্র জমা পড়েনি। দ্বিতীয় দফায় একটি দরপত্র বিক্রি হয় এবং একটি জমা পড়ে। তৃতীয় দফায় তিনটি দরপত্র বিক্রি হয় এবং একটি দরপত্র জমা পড়ে। কিন্তুকমপক্ষে তিনটি দরপত্র জমা না পড়লে দরপত্র গ্রহণের নিয়ম নেই। এ বছরের ৯ ফেব্র"য়ারি চতুর্থবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে অনুযায়ী রোববার ছিল দরপত্র বিক্রির শেষদিন। সোমবার দুপুর ১২টা পর্যন্ত জমা দেওয়া শেষ সময়। তিনি বলেন, কোষাধ্যক্ষের অফিস, প্রকৌশল অফিস ও পরিকল্পনা ও উন্নয়ন অফিসে দরপত্র জমা নেওয়া হচ্ছে। সোমবার সোয়া ১২টার দিকে তার (কোষাধ্যক্ষ) অফিসে ঠিকাদার ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের সামনে দরপত্র খোলা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/২০১৪ ঘ.