জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির পর সোমবার রাতে পুলিশ দুটি হলে তল্লাশি চালিয়েছে।
তবে সংঘর্ষের সময় গোলাগুলি এবং কয়েকজন গুলিবিদ্ধ হলেও পুলিশ অভিযান চালিয়ে একটি হল থেকে কিছু রড ও লাঠি ছাড়া কিছু উদ্ধার করতে পারেনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রাত ৯টায় শুরু করে ১১টায় তল্লাশি শেষ হয়। আ ফ ম কামাল উদ্দিন হলে তল্লাশি চলে ১১থেকে ১২টা পর্যন্ত।
সোমবার দিনের বেলা পুলিশের উপস্থিতিতে জাবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীরা গোলাগুলি করে। এতে গুলিবিদ্ধ হয়েছে পাঁচজন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুই ঘণ্টাব্যাপী তল্লাশিকালে জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনের মতো ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। লাঠি সোঁটা ও রড এ হলেই পাওয়া যায়।
আ ফ ম কামাল উদ্দিন হল থেকে কোনো অস্ত্রই উদ্ধার করা যায়নি। কোনো গ্রেপ্তারও নেই সেখানে।
সাধারণ ছাত্রদের অভিযোগ, কামাল উদ্দিন হলে ঢুকে উর্দ্ধতন কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ হলটির অতিথি কক্ষে টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে 'লোক দেখানো' তল্লাশি চালায়।
এরপর পুলিশ সদস্যরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কক্ষে তল্লাশি শুরু করে।
বঙ্গবন্ধু এবং কামাল উদ্দিন হলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এভাবে 'লোক দেখানো' তল্লাশি করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না। তারা বলেন, "পুলিশ সত্যিকার তল্লাশি করলে এমনভাবে ক্যামেরা ট্রায়াল দিত না।"
বঙ্গবন্ধু হলের ছাত্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সৌমিত্র কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ লোক দেখানো একটি তল্লাশি করেছে। দিনভর এত গোলাগুলি হল কিন্তু তারা (পুলিশ) কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। এটি খুবই হাস্যকর।"
তিনি বলেন, "এটি তল্লাশি নয়, বলা যায় ক্যামেরা ট্রায়াল।"
সৌমিত্র অভিযোগ করে বলেন, "কোনো একটি অদৃশ্য শক্তির কারণে ক্যাম্পাসের পরিস্থিতি বারবার ঘোলাটে হচ্ছে এবং পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না।"
এর আগে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ চলার সময় ছাত্রলীগের এক গ্র"পের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিন। ছাত্রলীগের ওই নেতাকর্মীরা প্রক্টর ও আরেক শিক্ষকের বাসাও ভাঙচুর করে।
দুই দফা গোলাগুলি ও সংঘর্ষে ছাত্রলীগের উভয় গ্রুপের অন্তত ১৬ জন আহত হন। এরা হলেন- বঙ্গবন্ধু হলের রাজিব, সুমন, রবিন, শামীম ও রুবেল; মীর মশাররফ হোসেন হলের জুনুন, পলাশ, রিগ্যান ও জিহান; আল-বেরুনী হলের (বর্ধিত) নিজাম, রাইসুল, রিপন, সামসুজ্জামান ও শুভ; কামালউদ্দিন হলের জনি এবং অর্থনীতি বিভাগের সাগর। সাগর ভাসানী হলের ছাত্র হলেও কামালউদ্দিন হলে থাকে এবং 'সভাপতি গ্রুপের কর্মী।
গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে সভাপতি গ্র"পের কর্মী সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার পেটে পিস্তলের গুলিবিদ্ধ হয়েছে। মাথায় রাম দা'র আঘাতে গুরুতর আহত একই গ্র"পের শুভকে ভর্তি করা হয়েছে রাজধানীর স্কয়ার হাসপাতালে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিকেলে সিন্ডিকেট জরুরি বৈঠক করে। বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত বৈঠকের পর উপাচার্য অধ্যাপক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে সংঘর্ষের জের ধরে মাত্র ১৮ জানুয়ারি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কর্মকাণ্ড এক মাস স্থগিত করে।
এক কর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন, শহীদ সালাম বরকত, আল-বেরুনী ও মীর মশাররফ হোসেন হলের নিয়ন্ত্রণে থাকা ছাত্রলীগের সভাপতি গ্রুপের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানী হলের নিয়ন্ত্রণে থাকা ছাত্রলীগের আজিবুর গ্র"পের সংঘর্ষ শুরু হয়।
প্রথম দফায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুপক্ষের মধ্যে ১০/১২ রাউন্ড গোলাগুলি হয়। দুপুর আড়াইটার দিকে আবারও গোলাগুলি হয়। এক পর্যায়ে প্রক্টর দুই পক্ষকে নিবৃত্ত করতে গেলে সভাপতি গ্রুপের হাতে তিনি লাঞ্ছিত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কামাল উদ্দিন হলের সামনে কামালউদ্দিন, শহীদ সালাম-বরকত, আল-বেরুনী ও মীর মশাররফ হোসেন হলের নিয়ন্ত্রণে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা বেলা সোয়া তিনটার দিকে প্রক্টরকে গালিগালাজ করে ও ধাক্কা দেয়।
তারা প্রক্টরকে বিএনপির দালাল হিসেবে আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে শ্লোগান দেয়।
এর আগে দুপুর ২টার দিকে ছাত্রলীগের এ গ্রুপটি প্রক্টরের বাসায় গিয়ে ভাঙচুর করে। ওই ফ্ল্যাটের উল্টো দিকের সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক শামছুল আলম সেলিমের বাসায়ও ভাঙচুর করে তারা।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক সামসুল আলম লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুভর মাথায় রামদার কোপ লেগেছে। তাকে স্কয়ার হাসপতালে পাঠানো হয়েছে।"
তিনি বলেন, "সাগরের পেটে গুলি (পিস্তলের) লেগেছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
সংঘর্ষ বন্ধ হলেও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বিবদমান পক্ষের নেতাকর্মীরা যার যার হলে অবস্থান নিয়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের উভয় পক্ষই প্রকাশ্যে পিস্তল, রামদা, রড, লাঠি হকিস্টিক নিয়ে অবস্থান করছে। তবে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম এর সত্যতা অস্বীকার করেছেন।
হলে অভিযান চালিয়ে অস্ত্র পাওয়া না গেলেও এখন তারা যে অস্ত্র প্রদর্শন করছে এজন্য কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না- জানতে চাইলে এএসপি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো ধরনের অস্ত্র কেউ প্রদর্শন করছে না।"
তিনি বলেন, "পরবর্তী পদক্ষেপ হিসেবে হলে তল্লাশি হতে পারে।"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ১৮ তারিখে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার কথা। ঠিক সেই মুহূর্তে মওলানা ভাসানী হলের ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের একজন কর্মীকে পিটিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করছি।"
প্রক্টরের বাসায় তার নেতা-কর্মীরা ভাঙচুর করেনি বলে দাবি করেন সোহেল পারভেজ ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১১টার দিকে মওলানা ভাসানী হলের ছাত্রলীগের নেতাকর্মীরা মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মী নয়নকে (ব্যবসায় প্রশাসন বিভাগের ৩৭ ব্যাচের ছাত্র) রড, লাঠি ও হকিস্টিক দিয়ে নতুন কলাভবনের সামনে পিটিয়ে আহত করে। এর পরই সংঘর্ষের শুরু হয়।
নয়নের প্রহৃত হওয়ার খবর পাওয়ার পর মীর মশাররফ হোসেন, আল-বেরুনী, শহীদ সালাম বরকত ও আফম কামাল উদ্দিন হলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু ও ভাসানী হলের নেতাকর্মীদের খুঁজতে থাকে।
এক পর্যায়ে মশাররফ হোসেন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী সজীবকে (সরকার ও রাজনীতি বিভাগের ৩৭ ব্যাচের ছাত্র) সমাজবিজ্ঞান বিভাগের সামনে পেটায়।
এরপর বঙ্গবন্ধু ও ভাসানী হলের ছাত্রলীগের নেতাকর্মীরা ভাসানী হলের সামনের বটতলা মোড় এবং বাকি চারটি হলের নেতাকর্মীরা কামাল উদ্দিন হলের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বেলা পৌনে ১২টার দিকে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়।
প্রক্টরকে লাঞ্ছিত করা ও তার বাসায় ভাঙচুরে নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুপুরে সমিতির কার্যনির্বাহী কমিটি সভা করে আগামী তিনদিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শামছুল আলম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে সমিতি তিনদিনের মধ্যে ভাঙচুর ও প্রক্টরকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/ডিডি/এমএসবি/
bdnews24