রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের একটি কোর্সের চূড়ান্ত পরীক্ষার ১৯টি উত্তরপত্রে পরীক্ষার্থীরা নিজের নাম এবং বাবার নামসহ ঠিকানা লিখে দিয়েছেন। এ কারণে উত্তরপত্রগুলো মূল্যায়ন করতে অপারগতা প্রকাশ করেছেন দ্বিতীয় পরীক্ষক।
ওই বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন- এ ১৯টি উত্তরপত্র শিবির কর্মীদের। তারা ফলাফল প্রভাবিত করতে উত্তরপত্রের ভেতরে বিভিন্ন স্থানে বাবার নামসহ ঠিকানা লিখে দিয়েছে। বিষয়টি জেনেও খাতা মূল্যায়ন করেছেন জামায়াতপন্থী শিক্ষক অধ্যাপক এ কে এম শামসুল আলম।
১৯৯৭ সালে একই বিভাগের একটি কোর্সে এ ধরণের ঘটনায় একজন শিক্ষার্থীকে অকৃতকার্য ঘোষণা করা হয়েছিল।
এ জটিলতায় পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করা হয়েছে। ওই কোর্সে কয়েকজন শিক্ষার্থী মানোন্নয়ন পরীক্ষা দেওয়ায় চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষারও ফল প্রকাশ স্থগিত রয়েছে।
এদিকে ১৯টি উত্তরপত্র মূল্যায়নের জন্য রাবি শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানীর নেতৃত্বে সোমবার এবং শিবির নেতা সাইফুল্লাহ্ ইয়াহিয়ার নেতৃত্বে মঙ্গলবার শিবির কর্মীরা বিভাগে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেয়।
আরবি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, তৃতীয় বর্ষের ৩০৭ নম্বর কোর্সের (আধুনিক আরবি পরিভাষা) চূড়ান্ত পরীক্ষার ১৯টি উত্তরপত্রের একাধিক স্থানে পরীক্ষার্থীর নাম-ঠিকানা পাওয়া গেছে। ওই কোর্সের প্রথম পরীক্ষক জামায়াতপন্থী শিক্ষক অধ্যাপক এ কে এম শামসুল আলম বিষয়টি আমলে না নিয়ে উত্তরপত্র মূল্যায়ন করেছেন।
দ্বিতীয় পরীক্ষক অধ্যাপক আবদুস সালাম মিঞা উত্তরপত্র মূল্যায়ন না করে ১০ জানুয়ারি করণীয় জানতে চেয়ে পরীক্ষা নিয়ন্ত্রককে চিঠি দেন। পরে পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশে খাতাগুলো তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দেন।
বিভাগীয় সভাপতি এবং জামায়াতপন্থী শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক নকিবুল্লাহ কোন শিক্ষককের সঙ্গে এ বিষয়ে পরামর্শ না করে ১৯টি উত্তরপত্র বিভাগের আরেকজন শিক্ষক আব্দুল আজিজ খানকে দিয়ে মূল্যায়ন করে দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা করতে ৪ ফেব্র"য়ারি পরীক্ষা নিয়ন্ত্রককে চিঠি দেন।
এ জটিলতার কারণে তৃতীয় ও চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল স্থগিত রয়েছে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।
মঙ্গলবার বিভাগীয় একাডেমিক কমিটির সভায় বিষয়টি সমাধানে প্রশাসনের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয় বলে কমিটির সভাপতি ও বিভাগীয় সভাপতি জানান ।
বিভাগীয় সভাপতি অধ্যাপক নকিবুল্লাহ সাংবাদিকদের জানান, চতুর্থ বর্ষের কয়েকজন শিক্ষার্থী (সংখ্যা জানাননি) ৩০৭ নম্বর কোর্সে মানোন্নয়ন পরীক্ষা দেওয়ায় তৃতীয় এবং চতুর্থ বর্ষের ফল প্রকাশ স্থগিত হয়ে গেছে। তবে বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
প্রথম পরীক্ষক অধ্যাপক একেএম শামসুল আলম দাবি করেন, উত্তরপত্রগুলো মূল্যায়নের সময় তিনি বিষয়টি খেয়াল করেননি।
তিনি সাংবাদিকদের বলেন, "না বুঝে ১৯ শিক্ষার্থী খাতায় নাম-ঠিকানা লিখেছে।"
পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহম্মদ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতে সমাধান করা হবে।"
পদত্যাগী ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত বলেন, "তিনি বিষয়টি অবগত হয়েছেন। বিভাগের চিঠি পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫১ ঘ.
bdnews24