ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরের পাঠ্যবই সঙ্কট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
নূরুল ইসলাম নাহিদ বলেন, "ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় কিস্তির সংকট কেন তৈরি হলো তা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থাকেও বিষয়টি খুঁজে দেখার জন্য বলেছি।"
"যারা এ কাজের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে", বলেও জানান তিনি।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠ্যবই সংকট নিয়ে প্রকাশকসহ সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে শিক্ষা মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
সাধারণত তিন কিস্তিতে মাধ্যমিক স্তরের বই বাজারে ছাড়া হয়। গত ৬ জানুয়ারি মাধ্যমিক স্তরের প্রথম কিস্তির বাংলা, ইংরেজি, গণিতসহ ১৪টি বই বাজারে আসার কথা ছিল। এছাড়া ১৫ জানুয়ারি দ্বিতীয় কিস্তির ৩৮টি বইও বাজারে আসার কথা। তবে সময়সীমার মধ্যে পর্যাপ্ত বই বাজারে ছাড়া হয়নি। যে কারণে শিক্ষার্থীরা চরম বই সঙ্কটে পড়েছে।
শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আরও জানান, তৃতীয় কিস্তির ৭৬ লাখ বই আগামী ৭ তারিখের মধ্যে বাজারে ছাড়া হবে।
বৈঠকে অন্যদের মধ্যে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, অতিরিক্ত শিক্ষা সচিব মোজাম্মেল হক খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/জিএনএ/১৭৫৫ ঘ.
bdnews24