ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছরের প্রথম কার্যদিবসেই (২ জানুয়ারি) বিনামূল্যে পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
এ বছর মাধ্যমিক, প্রাথমিক, এবতেদায়ী ও দাখিল মাদ্রাসার দুই কোটি ৭৬ লাখ ৬২ হাজার ৫২৯ জন শিক্ষার্থী বিনামূল্যে পাঠ্যবই পাবে। এজন্য ইতোমধ্যেই জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সচিবালয়ে নিজ কার্যালয়ে বুধবার বিকেলে শিক্ষামন্ত্রী জানান, দুর্গম ও পার্বত্য এলাকার দু'একটি ছাড়া প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যেই বিনামূল্যের পাঠ্যবই পাঠানোর কাজ শেষ হয়েছে। নতুন বছরের প্রথম কার্যদিবসে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরুর জন্য ওইদিনই বই বিতরণ সম্পন্ন করা হবে।
পাঠ্যবইয়ের ঘাটতি অথবা আনুষ্ঠানিক বিতরণের জন্য কোথাও কোথাও এর ব্যত্যয় ঘটতে পারে। সেক্ষেত্রেও বই নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। ঘাটতি দেখা দিলে জেলা ও উপজেলা পর্যায়ের তদারকি কমিটি সমন্বয়ের মাধ্যমে পাঠ্যবইয়ের ব্যবস্থা করবে। সেজন্য প্রয়োজনীয় সংখ্যক পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে। কোথাও অতিরিক্ত পাঠ্যপুস্তক প্রয়োজন হলে বা সংকট থাকলে উপজেলা শিক্ষা কর্মকর্তা তা সমন্বয় করবেন।
নাহিদ বলেন, শিক্ষার্থীদের জন্য প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাই একটি দিনও যাতে অপচয় না হয়, সেজন্য সরকার নির্ধারিত সময়ের আগেই পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছে। এজন্য পাঠদান কার্যক্রমসূচিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী পাঠদান কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
তিনি জানান, এ বছর দেশে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য প্রায় ১৯ কোটি বই ছাপানো ও বিতরণ করা হয়েছে। এছাড়াও ১০ শতাংশ বই সংকটকালীন মজুদ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কাছে রয়েছে। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা আপৎকালীন সময়ে এসব বইও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এ বছর প্রাথমিক স্তরের জন্য সাত কোটি ৮০ লাখ ১০ হাজার ৯০৭টি, মাধ্যমিক স্তরের জন্য সাত কোটি ৪৭ লাখ সাত হাজার ২২২টি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৬ লাখ ৪০ হাজার ৪৩৭টি, এবতেদায়ী (প্রাথমিক স্তরের) মাদ্রাসার জন্য এক কোটি ৭৪ লাখ পাঁচ হাজার ২৩৮টি এবং দাখিল (মাধ্যমিক স্তরের) মাদ্রাসার জন্য এক কোটি ৫০ লাখ ৬৩ হাজার ১৪৬টি বই বিতরণ করা হয়েছে।
এ বছরই প্রথমবারের মতো পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি ইন্টারনেটের মাধ্যমে এনসিটিবি'র ওয়েবসাইটে দেওয়া হবে। শিক্ষার্থীরা ইচ্ছা করলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবে বলে তিনি জানান।
এনসিটিবি'র গুদামে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে নাহিদ বলেন, এবারই প্রথমবারের মতো মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হচ্ছে। একাজে অনেক প্রতিকূলতা এসেছে। এনসিটিবি'র গুদামে আগুণ দেওয়া হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটলে অনেক আগেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ সম্ভব হতো।
মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ না করতে বই ব্যবসায়ীরা তাকে হুমকিও দেয় বলে মন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০০১ ঘ.
bdnews24