২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতির নির্বাচন বুধবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ-২০১০ এর নির্বাচন বুধবার অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 12:38 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ-২০১০ এর নির্বাচন বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার একথা জানান। তিনি বলেন, "বুধবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষক অফিসার ক্লাবে নির্বাচনের ভোট গ্রহণ হবে।" এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপি সমর্থক শিক্ষকরা আলাদা দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সমর্থক 'মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি' প্যানেলে সভাপতি প্রার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল হোসেন এবং সম্পাদক প্রার্থী রসায়ন বিভাগের অধ্যাপক মো. আরজু মিয়া। এ প্যানেলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়ের সহ-সভাপতি, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোহা. শামসুল আলম কোষাধ্যক্ষ এবং মাইক্রোবায়োলজি বিভাগের ড. আনোয়ার খসরু পারভেজ যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহম্মদ ইসমাইল হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক প্রীথ্বিলা নাজনীন নীলিমা, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবিরউদ্দিন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক লুৎফর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক মোহাম্মদ বখতিয়ার রানা, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু, লোক প্রশাসন বিভাগের প্রভাষক নুসরাত জাহান চৌধুরী এবং দর্শন বিভাগের প্রভাষক মাহমুদা আকন্দ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সমর্থক 'বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ও উদারপন্থী' প্যানেলে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির এবং সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা প্রার্থী হয়েছেন। এ প্যানেলে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম সেলিম সহ-সভাপতি, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক চৌধুরী গোলাম কিবরিয়া কোষাধ্যক্ষ এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শরিফ উদ্দিন যুগ্ম-সম্পাদক প্রার্থী। এছাড়া নির্বাহী সদস্য পদে ফার্মেসী বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুর ইলাহী, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনোয়ার হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ছালেহ আহাম্মাদ খান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোমা মুমতাজ, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো.জামাল উদ্দীন রুনু, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী প্রার্থী হয়েছেন। নির্বাচনে জয়ী হওয়ার আশা প্রকাশ করে বিএনপি সমর্থক প্যানেলের যুগ্ম-সম্পাদক প্রার্থী শরিফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে শুধু মেধা শূন্যই নয়, বরং সৎ ও যোগ্য একাডেমিক নেতৃত্ব শূন্য করার গভীর চক্রান্তেও মেতে উঠেছে প্রশাসন। এ চক্রান্ত প্রতিহত করতে সাহসী ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন।" আওয়ামী লীগ সমর্থক প্যানেলের সম্পাদক প্রার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়াও নির্বাচনে তাদের প্যানেলের জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি সাংবাদিকদের বলেন, "এমন একটি শিক্ষক সমিতি প্রয়োজন যা উন্নয়নের ধারাকে সামনে এগিয়ে নিতে এবং সেশনজটের রাহুগ্রাস থেকে ছাত্র-ছাত্রীদের মুক্ত করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারবে।" নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আখতার মাহমুদ এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৮৩৪ ঘ.