সিলেট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, "শিক্ষানীতি কোনো ধর্মীয় বিধান নয়। এটি পরিবর্তনীয়। এটি দলীয় কোনো শিক্ষানীতি নয়, জাতীয় শিক্ষানীতি।"
নাহিদ আরও বলেন, "স্বাধীনতার পর অনেক শিক্ষানীতির খসড়া তৈরি করা হয়েছে। কিন্তু তার একটিও বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার প্রস্তাবিত জাতীয় শিক্ষানীতি আগামী বছরেই বাস্তবায়ন করা হবে।"
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'সিলেট ব্র্যান্ড ফেস্ট' নামের 'নলেজ ফেয়ার' এর উদ্বোধন এবং আইটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "দেশের সবচেয়ে বড় সম্পদ মানুষ। আর মানুষের সবচেয়ে বড় সম্পদ জ্ঞান। আর এই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ পারে সমাজ, দেশ, জাতি তথা বিশ্বকে পাল্টে দিতে।"
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর সালেহ উদ্দিন বলেন, "সরকারের অনুদানের পাশাপাশি প্রাইভেট কোম্পানিগুলোর সহযোগিতায় আমরা এ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক শিক্ষাকেন্দ্রে পরিণত করতে চাই।"
শাহজালাল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত সভায় ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র শিক্ষক ও ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা ফরহাদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/২৩৫৫ঘ.
bdnews24