২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যের বই কিনবেন না: নাহিদ

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের বই বাজার থেকে না কেনার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 10:55 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের বই বাজার থেকে না কেনার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বুধবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ অনুরোধ জানিয়ে বলেন, "এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে নতুন বছরের বই পাওয়া যাবে না গুজব ছড়িয়ে বই বিক্রি করছেন। তবে বাস্তবতা হলো নতুন বছরের বই এখনো ছাড়া হয়নি।" এসব ব্যবসায়ীরা পুরনো বই নতুন বলে বিক্রি করছেন বলেও জানান তিনি। ইতোমধ্যে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২০০৯ সালের জন্য ছাপানো আগের বছরের বই উদ্ধার করা হয়েছে। অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নাহিদ। যথাসময়ে বই বিতরণ ও শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, "উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বই বিতরণে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বইয়ের যে চাহিদাপত্র পাঠানো হয়েছে এক্ষেত্রে সমস্যা হলে তা ওই কর্মকর্তাই সমাধান করবেন।" শিক্ষা মন্ত্রণালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভর্তি সমস্যা সমাধানে একটি নীতিমালা করার কথা জানিয়ে নাহিদ আরো বলেন, "নতুন বছরে শিক্ষার্থীদের এ নীতিমালার আলোকে ভর্তি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬৫০ ঘ.