২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস বৃহস্পতিবার

'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস'কে সামনে রেখে নতুন সাজে সেজেছে পুরো ক্যাম্পাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস'কে সামনে রেখে নতুন সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো এ দিবস পালন করা হচ্ছে। দিনব্যাপী অনুষ্ঠানমালায় বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রাক্তনদের অংশগ্রহণে ক্যাম্পাস হয়ে উঠবে উৎসবমুখর এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সকাল দশটায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। স্মৃতিচারণ ও আলোচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাঃ আফসারুল আমীন, প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা ড. আলাউদ্দিন, জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদসহ অনেকে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতাপর্ব ছাড়া দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে - স্মৃতিচারণ, আড্ডা ও খেলাধুলা, বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত গীতি নৃত্যনাট্য এবং বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো ক্যাম্পাস জুড়ে দেওয়াল চিত্র ও আলপনা আঁকা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চবি প্রক্টর ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আশা করছি সফল একটি অনুষ্ঠান হবে। চবি'র ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থী ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে।" বিডিনিউজ টোয়ের্টিফোর ডটকম/এমসি/এসকে/০০১০ঘ.