২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হরেক আয়োজন

তারুণ্যের নানারকম উচ্ছ্বাস ও আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারুণ্যের নানারকম উচ্ছ্বাস ও আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয় দিবস বা পহেলা বৈশাখের মতো দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দীর্ঘদিন ধরেই রাজধানীবাসীর উৎসব আনন্দের প্রাণকেন্দ্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দিবসটির নানা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী আর সংস্কৃতিকর্মীরা ছাড়াও সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। ১৫ ডিসেম্বর মধ্যরাত পার হয়ে বিজয়ের দিন শুরুর সঙ্গেই ক্যাম্পাসের রাস্তায় নেমে আসে শত শত শিক্ষার্থী। আতশবাজি, মুক্তিযুদ্ধের স্লোগান 'জয় বাংলা' আর দেশের গানের মাধ্যমে বিজয় দিবসকে বরণ করে নেয় তারা। ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় কয়েকটি স্বতঃস্ফুর্ত মিছিলও বের হয়। বিজয়ের দিন সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে সাভার স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, শিক্ষক সমিতি এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগেও আলাদাভাবে সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ১৯৭১ সালের শহীদদের আত্মার মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে নামে মানুষের ঢল। সোহরাওয়ার্দী উদ্যান ও ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ আশেপাশে জড়ো হন দর্শনার্থীরা। শিশুদের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান দেখাতে নিয়ে আসেন অনেক অভিভাবক। স্মৃতি রোমন্থন করেন বেড়াতে আসা অনেক মুক্তিযোদ্ধা। ক্যাম্পাসের নানাপ্রান্তে জমে ওঠে নানা আয়োজন। সকালে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত মুক্তিযোদ্ধা সেজে ভ্যানে চড়ে ঘুরে বেড়ান কয়েকজন। মিরপুরের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর আয়োজন করেন। ভারতের মেঘালয় থেকে আসা ২০ জন গারো শিল্পী টিএসসি চত্বরে তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই গারো শিল্পীরা মেঘালয়ের তুরা শহরের রংনাবাগ এলাকা থেকে এসেছে। মুক্তিযুদ্ধের সময়ে তুরায় মুক্তিবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল। সে সময় স্থানীয়রা অনেক বাঙালিকে আশ্রয় দিয়েছিল। সঞ্জীব দ্রং বলেন, "আজ তারা স্বাধীন বাঙালিদের বিজয় উৎসবে সংহতি জানতে এসেছে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে টিএসসিতে 'রাজাকারদের ব্যঙ্গচিত্রে 'ডার্ট নিক্ষেপ' কর্মসূচির আয়োজন করা হয়। টিএসসিতে আসা মানুষজন রাজাকারদের ব্যঙ্গচিত্রে 'ডার্ট' নিক্ষেপ করে। বিকালে পাকিস্তানী হানাদারদের আত্মসমর্পণের মুহূর্তটি সজীব করে তুলতে সাদা কাপড়ের ওপর মাটি দিয়ে তৈরি করা বাংলাদেশের মানচিত্রে ছোট ছোট অসংখ্য পতাকা গেঁথে দিয়ে উদযাপন করা হয় বিজয়ের ক্ষণটি। সন্ধ্যার পর প্রদর্শন করা হয় 'একাত্তরের শব্দসেনা' এবং 'আল বদর' নামে দুটি তথ্যচিত্র। এছাড়া ক্যাম্পাসজুড়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ছিল গানের আসর, কবিতা আবৃত্তি ও স্বেচ্ছায় রক্তদানের মতো আরো নানা অনুষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১৫৫ঘ.