খুলনা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা মেডিকেল কলেজ আগামী শনিবার খুলে দেওয়া হবে। তার আগে শিক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার খুলে দেওয়া হবে ছাত্রাবাস।
কর্তৃপক্ষ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে।
একাডেমকি কাউন্সিলের এক জরুরি সভায় মঙ্গলবার এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অধ্যক্ষ ডা. কালীপদ সরকার।
তিনি বলেন, সোমবারের ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।
বিএমএ'র নির্বাচনে খুলনা থেকে বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের দু'পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ ঘটনার পর কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া।
অধ্যক্ষ ডা. কালীপদ সরকার জানান, ডা. শামসুনানাহার লাকীকে প্রধান করে ডা. হরিদাস বিশ্বাস, ডা. বিশ্বজিত বসু, ডা. মৃণাল কান্তি সরকার ও ডা. তৈয়েব আলীকে নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি জানান, সোমবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীরা ছাত্রাবাস ছাড়তে অস্বীকার করলেও পরে দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে তারা ছাত্রাবাস ছেড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24