২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে আবারো গাড়ি ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধভাবে ঢোকার অভিযোগে বৃহস্পতিবার ছয়টি গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ নিয়ে গত এক সপ্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃতীয় দফা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 05:48 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধভাবে ঢোকার অভিযোগে বৃহস্পতিবার ছয়টি গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এ নিয়ে গত এক সপ্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃতীয় দফা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত গাড়িগুলো ভাঙচুর করা হয়। এতে বাধা দেওয়ায় এক ছাত্রকে মারধর করে ভাঙচুরকারীরা। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বিভিন্ন সময় ক্যাম্পাসে ঢোকার কারণে চারটি ট্রাক ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। ট্রাকগুলো থানা হেফাজতে আছে। ছাত্ররা রাতে আরও দুটি পিকাপ ভাঙচুর করে জানিয়ে তিনি বলেন, "এতে বাধা দিতে গেলে পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শফিকুল হায়দার শিশিরকে মারধর করে ভাঙচুরকারীরা।" শিশির ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) সদস্য। এ বিষয়ে ডিইউএফএস'র সাধারণ সম্পাদক ইমদাদুল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহীদুল্লাহ হলের ছাত্রলীগের কর্মীরা দুটি পিকাপ ভাঙচুর করছিল। এ সময় শিশির বাধা দিলে ছাত্রলীগ কর্মীরা তাকে বেধড়ক মারধর করে। এতে তার মাথায় ও হাতে আঘাত লেগেছে।" তবে গাড়ি ভাঙচুর ও শিশিরকে মারধরে ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আজম মুন্না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "গাড়ি ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নাই। গত কয়েকদিন বামপন্থী কয়েকটি ছাত্রসংগঠনের কর্মীরা গাড়ি ভাঙচুর করছে।" ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণপরিবহন যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এজে/এইচএ/২৩৪০ ঘ.