ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত নতুন সময়সূচি শীত মৌসুমে কিছুটা পরিবর্তন করতে পারবে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে পরিবর্তিত সময়সূচি অফিসসূচির সঙ্গে মেলানো যাবে না।
শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সময়সূচি পর্যালোচনা সভায় বিদ্যালয়গুলোকে এ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, "শিশুদের অসুবিধার কথা চিন্তা করে স্কুলগুলোকে সময়সূচি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।"
রাজধানীর যানজট কমাতে সরকার গত মাসে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে নতুন সময় সূচি নির্ধারণ করে।
শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন চলছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও ইংরেজি মাধ্যমের স্কুল সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে শুরু করে দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে শেষ করতে হচ্ছে।
পর্যালোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, নতুন সময়সূচিতে শিশু শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছে।
যানজট এড়াতে শিক্ষার্থী পরিবহনে বড় বাস ব্যবহারের পরামর্শ দিয়ে মন্ত্রী এক্ষেত্রে সরকারি সহযোগিতারও আশ্বাস দেন।
নাহিদ বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। আপনারা (প্রতিষ্ঠান) ছোট ছোট গাড়ির পরিবর্তে প্রয়োজনে বড় বাসে শিক্ষার্থী পরিবহনের ব্যবস্থা করতে পারেন।
"বিআরটিসি থেকে বড় বাস ইজারা নেওয়া অথবা নিজেদের ব্যবস্থাপনায় স্কুল বাস চালু করতে পারেন। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুলের তহবিল থেকে অথবা ব্যাংক থেকে ঋণও নিতে পারে।"
শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষা সচিব সৈযদ আতাউর রহমান, বিআরটিসি'র চেয়ারম্যান ইকবাল হাসান, বিআরটিএ ও ট্রাফিক পুলিশের প্রতিনিধিরাও অংশ নেন।
সরবরাহ করার মতো পর্যাপ্ত বাস রয়েছে জানিয়ে বিআরটিসির চেয়ারম্যান জানান, বিদ্যালয়গুলো বাসের জন্য আবেদন করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24