ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে থাকা এক ব্যক্তিকে সোমবার রাতে পিটিয়ে বের করে দিয়েছে ছাত্রলীগকর্মীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হলের ২২৬ নম্বর কক্ষে চার বছর ধরে থাকা জেলিন নামে ওই ব্যক্তি শিক্ষার্থী নন।
হলের শিক্ষার্থীরা জানায়, জেলিন নিজেকে আইবিএ এর শিক্ষার্থী পরিচয় দিয়ে হলে থাকছিল। তিনি শিক্ষার্থী নন- তা জানতে পেরে রাতে ছাত্রলীগকর্মীরা পিটিয়ে তাকে বের করে দেয়।
সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলিনের বিরুদ্ধে হলের ক্যান্টিনে টাকা না দিয়ে খাওয়া এবং রুমমেটদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল। সে শিক্ষার্থী নয়, তা জানতে পেরে হলের ছাত্ররাই তাকে মারধর করে বের করে দিয়েছে।"
জেলিনের মতো আরও কিছু বহিরাগত বিভিন্ন হলে রয়েছে বলে স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম।
তিনি বলেন, "জেলিনের মতো বাকিদের সনাক্তে আমরা ছাত্র সংগঠনসহ সব শিক্ষার্থীদের সহায়তা চাই।"
নাম প্রকাশ না করার শর্তে সূর্যসেন হলের বেশ কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্র সংগঠনের ছত্রছায়ায় আরো বহিরাগত হলে অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24