ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহিরাগত ও অননুমোদিত যানবাহন প্রবেশের প্রতিবাদে শুক্রবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করেছে।
রাত পৌনে ১২ টার দিকে ক্যাম্পাসের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও দুটি বাস ভাঙচুরের জন্য থামালেও পরে পুলিশ এসে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এছাড়া ক্যাম্পাসে আপত্তিকর অবস্থায় বসে থাকার অভিযোগে শিক্ষার্থীরা তিন নারীসহ সাত বহিরাগতকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে। এদের মধ্যে অধিকাংশই নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
শির্ক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বহিরাগত ও অননুমোদিত যানবাহন প্রবেশ ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে এর আগে পুলিশকে বলা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।
তবে শাহবাগ থানার ওসি রেজাউল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশের অপরাধে গাড়ী আটক করে থাকি। কিন্তু শিক্ষার্থীরা আজ অতি উৎসাহী হয়ে এ ঘটনা ঘটিয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম রাত ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যার পর বহিরাগতদের ক্যাম্পাসে না থাকতে প্রতিনিয়তই আমরা মাইকিং করে থাকি। কিন্তু এরপরও এরা নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করছিলো।"
প্রকৃত অভিবাবকরা এসে মুচলেকা দিলে তাদের জিম্মায় আটকদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান প্রক্টর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০৫৯ ঘ.
bdnews24