রাজশাহী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রাজশাহী সরকারি কলেজের শিক্ষার্থীরা রোববার থেকে ধর্মঘট শুরু করেছে।
সকালে বিভিন্ন ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় কোনো ক্লাশ বা পরীক্ষা হতে পারেনি। তবে এ সময় লাইব্রেরিতে বসে অধ্যক্ষ কিছু প্রশাসনিক কাজ শেষ করেন।
গত ২৫ অক্টোবর সরকারি আদেশে এই কলেজের অধ্যক্ষ ড. আলী রেজা মো. আবদুল মজিদকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে বদলি করা হয়। এ ছাড়া দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান ড. মোহাম্মদ সানাউল্লাহকে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রোববার যোগদানের কথা থাকলেও ছাত্র ধর্মঘটের কারণে সানাউল্লাহ রাজশাহী কলেজে যোগ দিতে পারেননি। এ ছাড়া আলী রেজাও চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে যোগ দেননি।
রাজনৈতিক উদ্দেশ্যে আলী রেজাকে বদলির অভিযোগ এনে গত ২৯ অক্টোবর থেকে কলেজের শিক্ষার্থীরা ছাত্র-ছাত্রী সংগ্রাম পরিষদের নামে আন্দোলন শুরু করে।
ছাত্র-ছাত্রী সংগ্রাম পরিষদের আহ্বায়ক শফিকুজ্জামান বলেন, ড. আলী রেজা যোগদানের পর কলেজের শৃংখলা ফিরে এসেছে। সেশনজট কমে গেছে। বদলির আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন বলে তিনি জানান।
এ ব্যাপারে অধ্যক্ষ ড. আলী রেজা মুহম্মদ আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় অফিসের কাজ তিনি লাইব্রেরিতে বসে করছেন।
কলেজে নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষ ড. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, "প্রতিকূল পরিবেশের কারণে আমি রোববার কলেজে যোগদান না করে গিয়ে ফিরে এসেছি।"
বিষয়টি তিনি বিভাগীয় কমিশনারকে লিখিতভাবে জানাবেন বলে জানান।
রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঁঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে তাকে জানানো হয়নি। সরকারের নির্দেশ পেলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24