২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ডিগ্রি কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ২০

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

রাজশাহী, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কলেজ শাখা ছাত্রলীগের আহবায়কসহ উভয়পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজসহ নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজশাহীর অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আকরাম হোসেন। বুধবার রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের হামলায় ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম-আহবায়ক রাজিব ও ছাত্রলীগ কর্মী মেজবাহ আহত হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, একই সময় শিবিরও ক্যাম্পসে মিছিল বের করে। এক পর্যায়ে দুই মিছিল মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়। এক পর্যায়ে শিবির নেতাকর্মীরা লোহার রড, লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে ছাত্রলীগের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা সংগঠিত হয়ে শিবির নেতাকর্মীদের পাল্টা ধাওয়া করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে দু'পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। শিবির নেতাকর্মীরা ক্যাম্পাস ছেড়ে কলেজের পাশ্ববর্তী জামায়াত নিয়ন্ত্রিত লক্ষ্মীপুর এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে আশ্রয় নেয়। সংঘর্ষের খবর পেয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল মমিনের নেতৃত্বে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী নিউ ডিগ্রি কলেজে যায়। মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে কলেজ শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে একটি মিছিল বের করে। তারা মিছিল নিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে হাসপাতালের জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মহানগর আওয়ামী লীগের নেতারা কলেজে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের শান্ত করেন। হামলার প্রতিবাদে তারা সেখানে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশা, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, জেলা যুবলীগ সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান, যুবলীগ নেতা নবাব আলী, মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল মমিন প্রমুখ। নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মামুনুর রশিদ অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে কলেজ শাখা শিবির সভাপতি সাইফুলের নেতৃত্বে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়। হামলায় বহিরাগত শিবির কর্মীরাও অংশ নেয়। তিনি সাংবাদিকদের জানান, হামলায় তিনিসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হন। অন্যরা হলেন- অভি, পিয়াস, জনি, রাজু, সাগর, শামিম। অন্যদিকে কলেজ শাখা শিবির সভাপতি সাইফুল ইসলাম জানান, ছাত্রলীগই তাদের শান্তিপূর্ণভাবে মিছিলে হামলা চালিয়েছে। তারা কলেজের শামসুদ্দিন ছাত্রাবাসে শিবিরের কয়েকটি কক্ষেও হামলা করে। তিনি জানান, হামলায় শিবির কর্মী সারোয়ার, আইয়ুব, সোহেল, বাসির, গোলাম মোস্তফা, জোহাসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন। মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল মমিন বলেন, জামায়ত-শিবির চক্র পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। এরই ধারাবাহিকতায় এ হামলা বলে তিনি দাবি করেন। এদিকে নিউ ডিগ্রি কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীর বোয়ালিয়া জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) আকরাম হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় শহরের বিভিন্ন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় বিকেল পর্যন্ত কোন মামলা বা কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানান। নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদা সুলতানা বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৫ ঘ.