চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষে মাত্র ৩৩২৮টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ১ লাখ ৭ হাজার ১২২টি।
এ হিসেবে আবেদনকারীদের শতকরা ৯৭ জনই ভর্তির সুযোগ পাবেন না। আর প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ৩২ জনকে।
বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটসহ ৮টি ইউনিটে মোট আসন রয়েছে ৩ হাজার ৪০৫টি । এর মধ্যে ৭৭টি আসন বিদেশিদের জন্য সংরক্ষিত।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার (ভর্তি) সহকারী রেজিস্ট্রার ওসমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ অক্টোবর ভর্তির আবেদন ফরম জমা নেওয়ার সময় শেষ হয়েছে। এবার মোট ১ লাখ ৭ হাজার ১২২টি ফরম জমা পড়েছে।
তিনি জানান, এবার ভর্র্তির আবেদন ফরম বিক্রি হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৯৩টি যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ। এতে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ২০০ টাকা।
গতবার ফরম বিক্রি হয়েছিল ১ লাখ ১১ হাজার ৭৭০টি ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর জানায়, নতুন শিক্ষাবর্ষে ৮টি ইউনিটের মধ্যে 'ক' ইউনিটে (বিজ্ঞান অনুষদ) আসন রয়েছে ৫৯৯টি, 'খ' ইউনিটে (কলা অনুষদ) ৯০০টি, 'গ' ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৪৭৬টি, 'ঘ' ইউনিটে (সমাজ বিজ্ঞান অনুষদ) ৭১০টি, 'ঙ' ইউনিটে (আইন অনুষদ) ১১৯টি, 'চ' ইউনিটে (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) ৭১টি, 'ছ' ইউনিট (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) ৫৩টি এবং 'জ' ইউনিটে (জীব বিজ্ঞান অনুষদ) ৪০০টি।
আগামী ৮ নভেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এদিন সকাল সাড়ে দশটায় 'গ' ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের (উচ্চ মাধ্যমিক ব্যবসায় শাখা, ডিপ্লোমা ইন কমার্স ও বিজনেস স্টাডিজ) পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন জানান, ৯ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'ক' ইউনিট (বিজ্ঞান অনুষদ), একই দিন দুপুর আড়াইটায় 'চ' ইউনিটের (ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস) পরীক্ষা হবে। ১০ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'জ' ইউনিট (জীব বিজ্ঞান অনুষদ) ও দুপুর আড়াইটায় 'ছ' ইউনিট (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস), ১১ নভেম্বর সকাল সাড়ে দশটায় 'গ' ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান ও মানবিক শাখা), ১২ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'ঘ' ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ১৪ নভেম্বর সকাল সাড়ে দশটায় 'ঙ' ইউনিট (আইন অনুষদ), ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় 'খ' ইউনিট (কলা অনুষদ), ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় 'খ' ইউনিটের (চারুকলা, আরবী-ফার্সি, ইসলামী স্টাডিজ, পালি ও সংস্কৃতি) ভর্তি পরীক্ষা হবে।
সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের মত এবারও সবগুলো অনুষদ ও ইনস্টিটিউটটের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে হবে। সময় থাকবে এক ঘণ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কিউএইচ/এসকে/১৯৪০ঘ.
bdnews24