২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রলীগ-ছাত্রমৈত্রী সংঘর্ষে আহত ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার দুপুরে ছাত্রলীগ এবং ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রোববার তিন জন আহত হয়েছে। ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে টেন্টে (বসার স্থান) বসা নিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে দুপুর দেড়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

রাজশাহী, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার দুপুরে ছাত্রলীগ এবং ছাত্রমৈত্রীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রোববার তিন জন আহত হয়েছে। ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে টেন্টে (বসার স্থান) বসা নিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে দুপুর দেড়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে ছাত্রমৈত্রীর টেন্টে ছাত্রলীগের কর্মী রনি, উল্লাস ও তৌহিদ আল হোসেন তুহিনের নেতৃত্বে ১০/১২ জন কর্মী বসার চেষ্টা করে। ছাত্রমৈত্রীর রাবি শাখার আহবায়ক মাজহারুল ইসলাম রিপন, যুগ্ম-আহবায়ক ইমরান আলী, আশরাফুল ইসলাম, সুমনসহ অন্য কর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের কর্মী তুহিন এবং ছাত্রমৈত্রীর আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম ও কর্মী লাল্টু আহত হন। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্য এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রক্টরের কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। ছাত্রমৈত্রীর আহ্বায়ক মাজহারুল ইসলাম রিপন অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরাই গায়ে পড়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার চেষ্টা করে। এতে তাদের নেতাকর্মীরা বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পরে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে তিনি জানান। রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে বলেন, প্রক্টরের মধ্যস্থতায় বিষয়টি সমঝোতা হয়েছে। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বলেন, খবর পেয়েই পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। প্রক্টার অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, ঘটনার পর উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমঝোতা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, যারা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৯ ঘ.