২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় বেশি গুরুত্ব দিন'

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় বেশি গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে শিক্ষাকে বিস্তৃত করার সুপারিশ করেছেন শিক্ষাবিদরা। রোববার 'জাতীয় শিক্ষানীতি ২০০৯ বাস্তবায়ন' শীর্ষক এক সেমিনারে তারা নানা সুপারিশ তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় বেশি গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায় থেকে শিক্ষাকে বিস্তৃত করার সুপারিশ করেছেন শিক্ষাবিদরা। রোববার 'জাতীয় শিক্ষানীতি ২০০৯ বাস্তবায়ন' শীর্ষক এক সেমিনারে তারা নানা সুপারিশ তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "তৃণমূল পর্যায় থেকে শিক্ষাকে বিস্তৃত করতে হবে। তাহলেই শিক্ষার বর্তমান উদ্দেশ্য সফল হবে।" তিনি বলেন, "শিক্ষানীতি আগামী বছর থেকে বাস্তবায়ন করতে হলে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাকে নিখুঁত করার চেষ্টা করতে হবে।" সেমিনারে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের কৌশল নির্ধারণের বিষয়ে লিখিত প্রবন্ধ পাঠ করেন আইইআর এর অধ্যাপক ছিদ্দিকুর রহমান। তিনি ১০টি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষানীতি বাস্তবায়নের কৌশল উপস্থাপন করেন। অধ্যাপক ছিদ্দিকুর রহমানও নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রস্তাবিত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে অধিক মনোযোগ দেওয়ার আহবান জানান। এছাড়া মাধ্যমিক, কারিগরি ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে পর্যায়ক্রমে বাস্তবায়নের কৌশল নির্ধারণে তিনি বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এ নীতি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। তিনি বলেন, "প্রস্তাবিত নীতি নিয়ে অনেক প্রশ্ন থাকলেও সংশোধনের মাধ্যমে এটি পাস করা প্রয়োজন যাতে দ্রুত তা বাস্তবায়ন করা যায়। কেননা শিক্ষানীতির অভাবে অনেক বিষয়ে এগোনো যাচ্ছে না।" উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেধা ও আগ্রহের ভিত্তিতে ভর্তির সুযোগ নিয়ন্ত্রণের সমর্থন করে তিনি বলেন, "বর্তমান বাস্তবতায় সবাইকে উচ্চ শিক্ষার সুযোগ দিতে হবে কেন?" টিআইবি'র সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার রাজনীতিকরণ থেকে মুক্ত করা না গেলে কার্যকর শিক্ষানীতির বাস্তবায়ন কঠিন হবে। নীতি বাস্তবায়নের ক্ষেত্রে পরিমাণগত দিকের পাশাপাশি গুণগত মানও বজায় রাখার ওপর জোর দেন তিনি। ইউজিসি সার্ক ফেলো ড. কপোতী মুখোপাধ্যায় বলেন, প্রস্তাবিত নীতি অনুযায়ী বিশাল এ কর্মযজ্ঞ বাস্তবায়নের ক্ষেত্রে আরও ভাবনা-চিন্তা করা প্রয়োজন। আইইআর এর পরিচালক অধ্যাপক সালমা আখতারের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ, আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের অধ্যাপক মনসুর মুসা, আহসানিয়া মিশনের কাজী রফিকুল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এসকে/২০৩৮ঘ.